২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরীপুরে সার নিতে এসে একজনের মৃত্যু

গৌরীপুর উপজেলা সদরে মঙ্গলবার সকালে সার নিতে এসে প্রচণ্ড ভিড়ের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কালাম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ছয়জন আহত হন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলা সদরের সেতু এন্টারপ্রাইজের সামনে কৃষকরা সোমবার মধ্য রাত থেকে সারের জন্য অবস্থান নেন। সকাল সাতটার দিকে কিছু কৃষক সংগঠিত হয়ে আগে থেকে লাইনে দাঁড়ানো কৃষকদের সরিয়ে দিতে চাইলে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। এসময় ভিড়ের চাপে হিম্মতনগর গ্রামের কৃষক আবুল কালাম জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাকে গৌরীপুর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভর্তির সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।

গৌরীপুর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ মামুন জানান, ভিড়ের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আবুল কালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ইহসানুল হক জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন। কৃষকের মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। তবে এটি খুবই দুঃখজনক।

সার পরিবেশক আজিজুল হক জানান, প্রায় দুই হাজার লোক সারের জন্য লাইন দিলেও বিতরণ করা হয়েছে মাত্র ৬৪০ বস্তা সার। এজন্যই এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

এদিকে সহকারী ভূমি কমিশনার মিজানুর রহমান বলেছেন, সারের চাহিদা মেটাতে আগামী তিন/চারদিনের মধ্যে বিশেষ বরাদ্দ ৫০ মেট্রিক টন, অতিরিক্ত ১৩০ মেট্রিক টন এবং জানুয়ারি, ফেব্র“য়ারি ও মার্চ মাসের পরিবেশকদের ১৪৩ মেট্রিক টন ইউরিয়া সার বিতরণ করা হবে।