২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের প্রশংসায় এডিবি

দুর্নীতি দমনসহ সরকারের বিভিন্ন কাজকর্মের প্রশংসা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 06:17 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০০৭ প্রকাশের সময় এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু সাংবাদিকদের বলেন, “বিভিন্ন ইসুতে বর্তমান সরকারের ইতিবাচক মনোভাব লক্ষ করা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে।”

তিনি বলেন, “গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বন্দর ব্যবস্থাপনা ও বিদ্যুৎ ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। এডিবি আশা করছে উন্নয়ন অব্যাহত থাকবে।”

এডিবি প্রতি বছরই তাদের সদস্য দেশগুলোর অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। এটি ডেভেলপমেন্ট আউটলুক নামে পরিচিত। 

এডিবির মতে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা ইতিবাচক। ২০০৬--০৭ অর্থবছরে প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ। ২০০৭---০৮ অর্থবছরের এই হার সাত শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। এর কারণ শিল্প ও সেবা খাতের অব্যাহত প্রসার।

এডিও প্রতিবেদন বলছে, বর্তমান অর্থ বছরে বাংলাদেশের মুল্যস্ফীতি কমবে। ২০০৫---০৬ অর্থবছরে মুল্যস্ফীতির হার ছিল সাত দশমিক দুই শতাংশ। ২০০৬---০৭ অর্থ বছরে তা কমে দাঁড়াবে সাত শতাংশে।

প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ (রেমিটেন্স) অব্যাহত থাকার আশা প্রকাশ করে এডিবি বলছে, চলতি অর্থ বছরে ছয়শ কোটি আমেরিকান ডলার রেমিটেন্স যুক্ত হবে।

প্রতিবেদনে দুর্বল শাসনব্যবস্থা এবং অবকাঠামো খাতের বাধাগুলোকে বাংলাদেশের উন্নয়নে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। আরো বেশি বিনিয়োগের মাধ্যমে প্রবৃদ্ধি বাড়িয়ে দারিদ্র বিমোচন করতে হলে এ বাধাগুলোকে দুর করতে হবে।

হুয়া দু বলেন, “বর্তমান সরকার এক সপ্তাহে যে পরিমাণ বিদ্যুৎ বিল আদায় করছে তা স্বাভাবিক সময়ের ছয় মাসের সমান।”

এই পরিস্থিতি বজায় থাকলে দুর্দশাগ্রস্ত বিদ্যুৎ খাতের অগ্রগতি হবে বলে তিনি আশা করেন।

বিদেশি বিনোয়োগের ব্যাপারে তিনি বলেন, “আগামী কয়েক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ আরো বাড়বে।”

তিনি টাটাসহ বিদেশি কিছু বড় বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহবান জানান।

তিনি বলেন, “ব্যবসা ব্যবসাই। এর জন্য কোনও বিনিয়োগকারী অনন্তকাল অপেক্ষা করবে না।”

এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৮৫ ভাগ আমদানি ও ৮০ ভাগ রপ্তানির কাজ হয়। কিন্তু দুর্বল ব্যবস্থাপনার কারণে বন্দরের ক্ষমতা অনুযায়ী কাজ করা যাচ্ছে না।

কন্টেইনার আনা নেওয়া আরো গতিশীল করতে রেলওয়ে ব্যবস্থাপনাকেও উন্নতি করার জন্য প্রতিবেদনে বলা হয়।