২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক--মালিকপক্ষের সংঘর্ষে গুলি, আহত ৩০

চট্টগ্রামে এলডিপি নেতা মেজর (অব.) আব্দুল মান্নানের মালিকানাধীন তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কর্মকর্তা, আনসার ও পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এদিকে এ ঘটনা তদন্তে উপ--পুলিশ কমিশনার (বন্দর) জিএম আজিজুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় আবদুল মান্নানের তিনটি কারখানায় ব্যাপক ভাংচুর চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আবদুল মান্নানের মালিকানাধীন সান নিট কারখানায় সোয়েটার প্রতি নতুন মজুরি নির্ধারণের জন্য গত ১৩ মার্চ থেকে শ্রমিক আন্দোলন চলছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

এ সময় কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কর্মকর্তাদের মারধর এবং কারখানায় ভাংচুর শুরু করেন। পরে তারা একই মালিকের পাশ্ববর্তী অপর একটি সোয়েটার কারখানা সানমেনে ঢুকে পড়ে এবং কর্মকর্তাদের মারধর ও ভাংচুর করেন।

এ দুটি কারখানার শ্রমিকদের সমর্থনে একই মালিকের আরেকটি কারখানা গ্লোরিতেও ব্যাপক ভাংচুর চালান সেখানকার শ্রমিকরা।

এ সময় শ্রমিকদের সঙ্গে কারখানা কর্মকর্তা ও আনসারদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ মারুফ হোসেন (২০), ইমাম হোসেন (৩০) ও রাবেয়া বেগমকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মারুফ টেম্পো শ্রমিক। সংঘর্ষের সময় তিনি কারখানার সামনের রাস্তায় ছিলেন। বাকি দুজন কারখানা শ্রমিক। তারা সবাই আনসারের গুলিতে আহত হন বলে দাবি করেছেন শ্রমিকরা।

সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৩০ কর্মকর্তা ও শ্রমিক আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

সান নিট কারখানার আহত পার্সোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, দুপুরের খাবারের পর তারা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্ত শ্রমিকরা তাতে রাজি না হয়ে তিনটি কারখানায় ব্যাপক ভাংচুর চালায়।

অন্যদিকে গ্লোরি কারখানার সহকারি ম্যানেজার হেমায়েত উদ্দিন দাবি করেন, তাদের প্রতিষ্ঠানে বেতন নিয়ে কোনো ঝামেলা না থাকলেও একই মালিকের প্রতিষ্ঠান হওয়ায় সেখানেও ভাংচুর করা হয়েছে।

সাননিট কারখানার শ্রমিক শিরিন নফহবংি২৪.পড়স--কে জানান, বেতন বাড়ানো নিয়ে কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টালবাহানা করছে। মঙ্গলবার শ্রমিকরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা সময়ক্ষেপন শুরু করে। এক পর্যায়ে তারা আনসার ডেকে শ্রমিকদের ওপর হামলা চালায়।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান সংঘর্ষ চলাকালে কারা গুলি ছুঁড়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি। তিনি জানান, তদন্ত শেষ না হলে কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনা তদন্তে পুলিশ প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, উপ--পুলিশ কমিশনার (বন্দর) জিএম আজিজুর রহমানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন এসি (প্রোসিকিউশন) মোহাম্মদ ফরিদ এবং এসি (ডিবি) মোহাম্মদ শরীফ।

সন্ধ্যা পর্যন্ত বায়েজীদ থানায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল।

বিজিএমইএর সচিব মায়েন উদ্দিন জানান, বিজিএমইএ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত কমিটি গঠন করেনি। তবে বিজিএমইএ বুধবার পুরো ঘটনা তদন্ত করবে।