সিরাজগঞ্জে শিশুসহ ২ জন এসিডদগ্ধ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চর ব্রহ্মগাছা গ্রামে মঙ্গলবার ভোর রাতে এক শিশুসহ দুজনকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। জমি--জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামসের আলীর এসিডদগ্ধ ছেলে গোলাম রাব্বানী (৫) ও ভাতিজা কুড়াল শেখের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী শ্যালো মেশিন ঘরে ঘুমিয়ে থাকা রাব্বানী ও জাহাঙ্গীরকে লক্ষ করে একই এলাকার রেফাজ উদ্দিনের ছেলে হেলাল ও আবু তাহের এসিড ছুঁড়ে মারে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হেলাল ও আবু তাহেরকে ধরে উত্তম--মধ্যম দিয়ে রায়গঞ্জ থানা পুলিশে হস্তান্তর করে।
এসিডদগ্ধ দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী এসিড নিক্ষেপের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, জমি--জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
