গাজীপুরে বার্ড ফ্লু আতঙ্ক কমলেও বাজারে এর প্রভাব সামান্যই
জেলার কয়েকটি থানার ৪৭ টি খামারে সোমবার প্রায় ৬৬ হাজার মুরগি পরীক্ষার পর বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান না পাওয়ায় আতঙ্ক অনেকটা কমেছে। তবে বাজারে এর প্রভাব সামান্যই পড়ছে। সোমবারও গাজীপুরের বিভিন্ন বাজারে মুরগি ও ডিমের দাম অন্যান্য সময়ের তুলনায় কমই ছিল।
জেলা পশু সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বার্ড ফ্লু অনুসন্ধানে পাঁচটি বিশেষ টিম সদর থানার ছয়টি, কালিয়াকৈরে ১১ টি, শ্রীপুরে ১৫ টি, কাপাসিয়ায় ১০ টি এবং কালীগঞ্জ থানার পাঁচটি খামারের ৬৫ হাজার ৬’শ ৩৪টি মুরগি পরীক্ষা করে কোনো ভাইরাসের সন্ধান পায়নি।
এদিকে কাশিমপুরের ভবানীপুর এলাকার সুমন পোল্ট্রি খামারে সোমবার প্রায় ৪’শ মুরগি মারা গেছে। এ নিয়ে গত কয়েকদিনে খামারটিতে ১২’শ মুরগি মারা গেছে। তবে মুরগিগুলোর মৃত্যুর কারণ কেউ বলতে পারছে না।
সদর থানা পশু কর্মকর্তা মির্জা আবদুল বারী জানিয়েছেন, ওই খামারে মরা মুরগিগুলো পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ গবেষণাগারে পাঠানো হয়েছে। এখনও ফলাফল পাওয়া যায়নি।
অন্যদিকে বার্ড ফ্লু বিষয়ে সচেতনতা বাড়াতে শহরের হাড়িনালে এক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পশু সম্পদ কর্মকর্তা, খামারী এবং অন্যান্য শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মুরগি ও ডিমের দাম কমছেই
নতুন করে বার্ড ফ্লু এর সন্ধান পাওয়া না গেলেও কয়েকদিন ধরেই গাজীপুরের ডিমের পাইকারি বাজারে ডিম ও মুরগির দাম কমছেই। তবে খুচরা বাজারে এর তেমন কোনো প্রভাব পড়েনি। গাজীপুরের কয়েকজন খামারি জানিয়েছেন, আগে লাল রঙের ১০০ ডিমের দাম ছিল ৩৬০টাকা থেকে ৩৮০ টাকা। সোমবার তা বিক্রি হয়েছে ৩২০ টাকায়। ডিমের হালি ছিল ১৬টাকা। জয়দেবপুর বাজারে ব্রয়লার মুরগির মাংসের কেজি ছিল ৬৫ টাকা।
