নারায়ণগঞ্জের সোনাকান্দায় অবশিষ্ট ২১শ মুরগিও মেরে ফেলা হলো
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় অবশিষ্ট দুই হাজার ১০০ মুরগি মেরে ফেলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হোসেনের উপস্থিতিতে মুরগিগুলো নিধন শেষে বস্তায় ভরে খামারের পাশে মাটিতে পুঁতে ফেলা হয়।
জানা গেছে, কালন মৃধার সোনাকান্দা পোল্ট্রি ফার্মে মোট ১০ হাজার মুরগি ছিল। ১৯ মার্চ থেকে মুরগির অস্বাভাবিক মৃত্যু শুরু হয়। শনিবার বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে পরীক্ষার জন্য ঢাকা ও সাভারে মৃত মুরগি পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে খামারের সব মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়।
বন্দর উপজেলার পশু সম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক জানান, সোমবার বিকেলে ওই পোল্ট্রি খামারে সুস্থ ও অসুস্থ সব মিলিয়ে ২ হাজার ১১০টি মুরগি পাওয়া গেছে। তবে পরীক্ষায় কি রিপোর্ট পাওয়া গেছে সেসম্পর্কে তিনি কিছু জানাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হোসেন জানিয়েছেন, অবশিষ্ট মুরগী নিধন শেষে পাশের নিচু জমিতে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। এ খামারের এক কিলোমিটারের মধ্যে কোন হাঁস- মুরগীর অন্য কোনো খামার নেই। আশপাশের কারও বাড়িতে হাঁস-- মুরগি আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। পাওয়া গেলে সেগুলোও মেরে ফেলা হবে। পোল্ট্রি ফার্মের আশপাশে এক কিলোমিটার এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।
তিনি আরও জানান, এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোনাকান্দা পোল্ট্রি খামারের মাত্র পৌনে দুই কিলোমিটার দূরে পূর্ব কল্যাণদী গ্রামের আক্তার হোসেনের খামারেও মুরগির অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ খামারের এক হাজার মুরগীর অর্ধেকই মারা গেছে। মৃত মুরগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। খামারটির অবশিষ্ট মুরগি মঙ্গলবার সকালে মেরে ফেলা হতে পারে বলে জানা গেছে।
