২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হবে গিয়াসউদ্দিন আল মামুনকে

তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও কথিত ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সোমবার বিকেল ৪টা চল্লিশ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা অস্ত্র মামলায় মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের সময় চায় পুলিশ। হাকিম এ বি এম আবদুল ফাত্তাহ পাঁচ দিন সময় দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

জিজ্ঞাসাবাদের সময় সতর্কতা অবলম্বন করার জন্য মামুনের আইনজীবীরা আবেদন জানালে হাকিম তা নাকচ করে দেন।

বিকেল ৪টার একটু আগে মামুনকে হাকিমের এজলাসে হাজির করা হয়। এসময় তার পরনে ছিল ধূসর রংয়ের টি--শার্ট ও  ছাই রঙা  ট্রাউজার।

এর আগে একটি প্রিজন ভ্যানে কড়া পুলিশি পাহারায় মামুনকে আদালতে আনা হয়।    

এরপর তিনি ওকালতনামায় স্বাক্ষর করেন ও তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের সঙ্গে কিছু সময় কথা বলেন।

আদালতে উপস্থাপিত পুলিশ প্রতিবেদনে বলা হয়, ২৬ মার্চ রাত আড়াইটার সময় মামুনকে তার বনানীর পুরানো ডিওএইচএস---এর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের সোফার নিচ থেকে উদ্ধার করা হয় পয়েন্ট ২২ বোরের একটি স্প্যানিশ পিস্তল এবং আটটি গুলি।

এ ঘটনায় সোমবার ক্যান্টনমেন্ট থানার সাব ইনসপেক্টর আবদুল আউয়াল বাদী হয়ে অস্ত্র আইনে গিয়াসউদ্দিন আল মামুনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরুম খানকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।  

মামলায় বলা হয়, ২৬ মার্চ রাত দুইটার দিকে পুলিশ খবর পায় যে, দুর্নীতি দমন কমিশনের তালিকভুক্ত দুর্নীতিবাজ মামুন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য বাসায় অবস্থান করছেন। যৌথবাহিনী ক্যান্টনমেন্ট থানার ওসির নেতৃত্বে মামুনের বাড়ি ঘেরাও করে। তার স্ত্রী বাসার দরজা খুলে দেন। এরপর তার বাসা তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়।

যৌথবাহিনী সোমবার সকালে মামুনকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।

মামুনের পক্ষে মামলা পরিচালনায় অংশ নেন ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং গোলাম মোস্তফা খানসহ অর্ধ শতাধিক আইনজীবী ।

আদালতে তারা বলেন, অযৌক্তিক রিমান্ড আবেদনের বিরোধিতা করছি। মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি মামুনকে ধরা হয়েছে পৌনে দুইমাস আগে। অথচ মামলায় বলা হচ্ছে ২৬ তারিখ রাতে তাকে ধরা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো ও মিথ্যা। এর আগে তার বাসা ছয়/সাত বার তল্লাশি করা হয়েছে।

মামুনকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে আইনজীবীরা বলেন, তাকে এতোদিন যৌথবাহিনী নিজেদের হেফাজতে রেখেছিল। এ পর্যায়ে তাই রিমান্ড আবেদনের যৌক্তিকতা ও সুযোগ নেই।

এর আগে পুলিশ পাহারায় কাঠগড়ায় নিয়ে যাওয়ার পথে নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক প্রকাশ বিশ্বাসের প্রশ্নের জবাবে মামুন দাবি করেন, তাকে ৩১ জানুয়ারি পল্টন থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সাব ইনসপেক্টর অলিয়ার রহমান আদালতে বলেন, মামুনের সহযোগীদের কাছে আরো অস্ত্র আছে। সেগুলো উদ্ধারের জন্য মামুনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রিমান্ডে নেওয়া দরকার।