২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার দিনে বীর শহীদদের স্মরণ করছে জাতি

৩৭ তম স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধদের স্মরণ করছে জাতি। ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্মদিন উদযাপনে মানুষ দুর্নীতিমুক্ত নতুন এক জন্মভূমির স্বপ্ন দেখছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 10:20 AM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সোমবার সকাল পাঁচটা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে  বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এর পরপরই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন, স্পিকার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের।  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক - সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা এবং একে একে সর্বস্তরের মানুষ  স্মৃতিসৌধে যাবেন ফুলের তোড়া হাতে।

এর পর জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সেনা, নৌ, বিমানবাহিনী, বিএনসিসি, বাংলাদেশ কোস্টগার্ড, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ভিডিপি এবং মুক্তিযোদ্ধারা কুচকাওয়াজে অংশ নেন।

কুচকাওয়াজে সামরিক দলের অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি দেশের সামগ্রিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক যাত্রা আরও বেগবান করতে দেশে ও বিদেশে বসবাসরত সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।

একই উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত শক্তিশালীকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বেশ কিছু মৌলিক সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্নীতি ও অপরাধ দমন, অনিয়ম দূর করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশব্যাপী সর্বাত্মক অভিযান পরিচালিত হচ্ছে। দেশের অর্থনীতিকে গতিশীল জনকল্যাণ ও জনস্বার্থকে সমুন্নত রাখতে নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। সরকারের এ সব পদক্ষেপকে জোরদার ও টেকসই করতে প্রয়োজন দেশপ্রেম, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অকুন্ঠ সহযোগিতা।”

দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রধান রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাধীনতা দিবসের  কর্মসূচি বাতিল করা হয়েছে। এবার এই দিবসে তিনি স্মৃতিসৌধে যাচ্ছেন না।

এর আগে শনিবার ঘোষিত দলের কর্মসূচি  অনুযায়ী তার স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল। তবে দলের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। 

স্বাধীনতা দিবসে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণেরও কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু সেখানেও তিনি যাচ্ছেন না বলে সূত্রটি নিশ্চিত করেছে। তবে বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়াসহ দলের সিনিয়র নেতারা দুটি স্থানেই যেতে পারেন বলে জানা গেছে।  

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় দলের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ সিনিয়র নেতারা স্বাধীনতা দিবসে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবেন এবং সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  নেতৃত্বে  বাঙালিরা স্বাধীনতা ও মুক্তির আকাঙ্খায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তারের আগ মুহূর্তে বঙ্গবন্ধু তৎকালীন ইপিআরকে বেতার বার্তার  মাধ্যমে (বর্তমানে বিডিআর) জাতির উদ্দেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তিনি বলেন, “এটাই  হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।”

বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন, “আমি বাংলাদেশের জনগণের প্রতি আহবান জানাচ্ছি, আপনারা যেখানেই থাকুন, যার হাতে যা আছে তাই নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটি বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনারা লড়াই চালিয়ে যান।”  

চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের অনুরোধে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি কর্মকর্তা মেজর জিয়াউর রহমান ২৭ মার্চ কালুর ঘাট বেতারের মাধ্যমে বঙ্গবন্ধুর পক্ষ থেকে তার বেতার বার্তাটি জাতিকে জানান।

১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে পূর্ব পাকিস্তানের নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়লে বাঙালি জাতিও বসে থাকেনি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তারা শুরু করে গেরিলা যুদ্ধ।

বাঙালি পুলিশ, আধা সামরিক এবং সামরিক বাহিনীর সহযোগিতায় সাহসী বাঙ্গালিরা স্বাধীনতার জন্যে অস্ত্র হাতে তুলে নেয়।

যুদ্ধ করতে গিয়ে খাবার, আশ্রয়, প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদের অভাব থাকলেও দেশমাতৃকাকে রক্ষা করতে সর্বস্তরের জনগণের সহায়তায় মুক্তিবাহিনী দীর্ঘ নয়মাস যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে।

১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করার পাশাপাশি রাজাকার, আলবদর, শান্তিবাহিনী নামের দেশীয় পাকিস্তানি দোসরদের পরাজিত করে মুক্তিযোদ্ধারা।