নারায়ণগঞ্জের আরেকটি খামারে মুরগির অস্বাভাবিক মৃত্যু
বন্দর উপজেলার পূর্ব কল্যাণদি গ্রামে আক্তার হোসেনের মুরগির খামারে গত ১০ দিনে আড়াইশ মুরগি মারা গেছে। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক রোববার জানান, পূর্ব কল্যাণদি গ্রামের ওই খামারে এক হাজার লেয়ার মুুরগি ছিল। গত ১০ দিনে আড়াইশ মুরগির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
বিষয়টি প্রশাসনের নজরে আসে গত শনিবার। এরপর থেকেই খামারটিকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০টি মুরগি মারা গেছে। এগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা নিশ্চিত করতে মুরগি পরীক্ষার জন্য বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এই খামারে মুরগিগুলোর বয়স ছিল ১১ মাস।
জয়দেবপুরের সিটি হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা হয়েছিল।
এমদাদুল হক আরও জানান, বন্দর উপজেলার সোনাকান্দা ও পূর্ব কল্যাণদি এলাকায় দুইটি খামারে মুরগির অস্বাভাবিক মৃত্যুর পর খামার দুটি থেকে সব ধরনের মুরগি বের করা এবং সেখানে ঢোকানো বন্ধ করে দেওয়া হয়েছে। খামারের সামনের রাস্তায় লোক চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত বন্দরের সোনাকান্দা পোল্ট্রি ফার্মে গত ছয় দিনে পাঁচ হাজার মুরগি মারা যাওয়ার ঘটনা ধরা পড়ে গত শনিবার। শনি ও রোববার ওই খামারে মারা গেছে আরও আটশ মুরগি। খামারটিতে মুরগি ছিল ১০ হাজার।
এ দুটি খামারে মুরগির মৃত্যুর খবরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কাঁচা বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম রোববার সকাল থেকে ১০ টাকা কমে গেছে।
বন্দর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা জানান, বন্দরের ১১৪টি ব্রয়লার খামারে এক লাখ ২৬ হাজার মুরগি, ৫৭টি লেয়ার খামারে এক লাখ ৪২ হাজার মুরগি এবং তিনটি হাঁসের খামারে দুই হাজার হাঁস রয়েছে। এ ছাড়া গৃহপালিত হাঁসমুরগি তো আছেই।
জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের রোববার বিকেলে জেলা হাঁস--মুরগি খামার মালিকদের সঙ্গে এক বৈঠকে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
সাংবাদিকদের তিনি জানান, শনিবার সোনাকান্দা পোল্ট্রি খামারে মারা যাওয়া মুরগি পরীক্ষার জন্য ঢাকা ও সাভারের দুটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রোববার পর্যন্ত এর প্রতিবেদন তার কাছে পৌঁছেনি। প্রতিবেদন পেলে মুরগি মারা যাওয়ার কারণ জানা যাবে।
তিনি আরও জানান, জেলার পাঁচটি উপজেলায় ৩১৩টি লেয়ার, ৬১২টি ব্রয়লার মুরগি এবং ৬৪টি হাঁসের খামার রয়েছে। এসব খামারে হাঁস--মুরগির সংখ্যা ১৪ লাখের ওপর।
জেলার অন্য কোথাও মুরগির অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়নি।
