২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা--চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ফেনীতে মহানগর প্রভাতী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় রোববার দুপুর থেকে ঢাকা--চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ফেনী রেলওয়ে মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, রাত আড়াইটা নাগাদ ট্রেন চলাচল আবার শুরু হতে পারে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন রোববার দুপুর ২টার দিকে শর্শদি রেলস্টেশন ত্যাগ করে ফেনীর দিকে আসছিল।

ট্রেনটি রাস্তার খিল এলাকায় এলে পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। গতি কম থাকায় এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

দুঘটনায় প্রায় এক কিলোমিটার রেলপথের ক্ষতি হয়েছে। বিকালে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার ফলে ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এছাড়া স্টেশনে কয়েকটি মেইল ট্রেন ও মালবাহী গাড়ি আটকা পড়েছে।