চট্টগ্রাম নগরীতে অপারেশন নিত্যপণ্য শুরু
ঢাকার পর এবার চট্টগ্রাম নগরীতে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি শুরু করেছে আনসার ও ভিডিপি।
‘অপারেশন নিত্যপণ্য’ কার্যক্রমের আওতায় রোববার আনসার ও ভিডিপি নগরীতে তিনটি অস্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে। ঝাউতলা, রুবি গেইট ও বহদ্দারহাটে এই তিনটি বিক্রয় কেন্দ্র থেকে ভোগ্যপণ্য বিক্রয় শুরু হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে ‘অপারেশন নিত্যপণ্য’ সমন্বয়কারী, আনসার ও ভিডিপির ১৯--ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এএসএম আজিম উদ্দিন জানান, তিনটি কেন্দ্রের মাধ্যমে বিক্রয় শুরু হলেও পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে। এ সপ্তাহেই আগ্রাবাদ ব্যাপারী পাড়া, স্টিল মিল বাজার এবং ফয়’স লেক এলাকায় বিক্রয় শুরু করা হবে।
এসব অস্থায়ী কেন্দ্র থেকে পণ্য সামগ্রী বিক্রয়ের প্রভাব খোলাবাজারে পড়তে বাধ্য বলে তিনি মন্তব্য করেন।
আজিম উদ্দিন জানান, তাদের বিক্রয় কেন্দ্রগুলোতে সরবরাহের ঘাটতি থাকবে না। তাই ক্রেতাদের হতাশ হয়ে ফিরে যেতে হবে না। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত একটি পণ্য কিনতে পারবেন।
এসব কেন্দ্রে ভোগ্যপণ্য বাজারের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। প্রতি কেজি আটা ২৩ টাকা, ডাল ৪৩ টাকা (নেপাল), ডাল (তুর্কি) ৪৮ টাকা, পেঁয়াজ ১৯ টাকা, রসুন ৩২ টাকা, আদা ২৪ টাকা, লবণ মানভেদে ৮ ও ১১ টাকা, আলু ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
কয়েকদিনের মধ্যে ভোজ্যতেলসহ আরো কয়েকটি পণ্য বিক্রি করা হবে বলে জানা গেছে।
খোলাবাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্যদ্রব্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এরইমধ্যে সরকারিভাবে ডিলারদের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের বৃহৎ আমদানীকারকরাও নগরীতে বিক্রয় কেন্দ্র স্থাপন করে পণ্য বিক্রি করছে।
নগরীর বিভিন্ন স্থানে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর ৪০ জন ডিলার নিয়োগ দিয়েছেন যারা শিগগিরই চাল বিক্রি শুরু করবে।
নয়টি বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান নগরীতে ২৬টি বিক্রয় কেন্দ্র স্থাপন করে নানাধরনের ভোগ্যপণ্য বিক্রি করছে।
