আ’লীগের জনসভায় গ্রেনেড হামলার তদন্তে সাবধানতা অবলম্বনের নির্দেশ
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভা, সিলেটের মেয়র বদরউদ্দিন কামরান ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে লক্ষ করে গ্রেনেড হামলা এবং লেখক হুমায়ুন আজাদ হত্যা প্রচেষ্টার সঙ্গে জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার ব্যাপারে তথ্য পাওয়ায় এ সংক্রান্ত মামলাগুলোর তদন্তে আরো সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনার জন্য গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের ৫০ তম বৈঠকে রোববার তদন্তকারী কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বলা হয়, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর জবানবন্দিতে এসব হামলার সঙ্গে জেএমবি জড়িত বলে জানিয়েছেন। এ জন্য এগুলোর তদন্তে আরো বেশি সাবধান হতে হবে।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, মোট ১২টি মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। এগুলো হলো-- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ, সিলেটের মেয়র কামরান ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা, লেখক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা, ওরিয়েন্টাল ব্যাংকে ৪৮৮ কোটি টাকা আত্মসাৎ, কলেজ ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা, আশুগঞ্জে একই পরিবারের পাঁচজনকে হত্যা, সংবাদিক বেলাল হোসেন হত্যা, ব্যবসায়ী হুমায়ুন কবীর হত্যা, মিরপুরে বাদল ওরফে বাবু হত্যা, বিশাল সেন্টারের সামনে মোহসীনকে গুলি করে হত্যা ও ৪ দলীয় ঐক্যজোট নেতা দিদার হত্যা মামলা।
বৈঠকে সাংবাদিক বেলাল হত্যা মামলা ও ব্যবসায়ী হুমায়ুন কবীর হত্যা মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। এসব মামলার ক্ষেত্রে প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, “কারো দ্বারা প্রভাবিত না হয়ে প্রচলিত আইনের আওতায় মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার অভিযোগপত্র জমা দিতে দেরি হচ্ছে কেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, “পুলিশ একেক সময় একেক ধরনের তথ্য প্রমাণ পাচ্ছে। এর সবগুলো যাচাই করা হয় বলে তদন্ত শেষ করতে সময় লাগছে।”
