মায়া, নানক ও আজমের স্ত্রীরা সম্পত্তির হিসাব দিতে পারবেন
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজমের সম্পদের হিসাব তাদের স্ত্রীদের কাছ থেকে নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বিচারপতি এম এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলাদা তিন রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মায়ার স্ত্রী পারভীন চৌধুরী, নানকের স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানু নার্গিস ও মির্জা আজমের স্ত্রী আলো আজম এ রিট আদেনগুলো দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, গত ১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন এক নোটিশ দিয়ে ৭২ ঘন্টার মধ্যে মায়াসহ তিনজনকে সম্পত্তির হিসাব জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু গত ২৫ ফেব্র“য়ারি তাদের স্ত্রীরা তাদের পক্ষে সম্পত্তির হিসাব দিতে গেলে কমিশন তা নিতে অস্বীকৃতি জানায়।
মায়া, নানক ও আজমের পক্ষে তাদের স্ত্রীরা হিসাব দাখিল করলে তা গ্রহণ না করার কারণ দেখানোর জন্য দুর্নীতি দমন কমিশনকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আদালত। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।
হাইকোর্টের একই বেঞ্চ খুলনার সাবেক মেয়র হাজী আমিনুল হক ও চট্টগ্রামের সাবেক আওয়ামী লীগের সাংসদ কাজী রফিকুল আনোয়ারকে আগামী দুই মাস পর্যন্ত যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দিয়েছে। তাদের দায়ের করা রিট আবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের ১০০ জনের তালিকায় তাদের নাম আসায় সুনির্দিষ্ট মামলা না থাকলেও তারা আশংকা করছেন যেকোনো সময় তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি করা হতে পারে। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক।
এদিকে চ্যানেল ওয়ানের ডেপুটি প্রডাকশন ম্যানেজার অদিতি সেনগুপ্তের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
