২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃস্বপ্নের যে অতীতে চড়ে স্বপ্নের নির্মাণ

কেমন লাগে? যখন ভাইয়ের সামনে বোনের সম্ভ্রমহানি হয় চরম জিঘাংসায়। কেমন লাগে, যখন মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে চড়ানো হয় বেয়নেটের ডগায়? কেমন লাগে, যখন পরিজনের সামনেই ঝাঁঝরা হয় সক্ষম যুবক? কেমন লাগে, যখন এর সবগুলো একসঙ্গে ঘটে? কেমন লাগে, যখন তা ঘটতেই থাকে? বাড়ি-বাড়ি, পাড়া-মহল্লায়, গলি-ঘুপচিতে; তারপর ছড়িয়ে পড়ে গোটা নগরীতে! জানাচ্ছেন অমি রহমান পিয়াল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

২৬ মার্চ, ১৯৭১। ঘড়ির কাঁটা বারোটা পেরুতেই ক্যালেন্ডারে তারিখ বদল। যদিও রক্তাক্ত বাংলার ইতিহাসে তা ২৫ মার্চের কালোরাত হয়েই থাকবে। কি ঘটেছে এই রাতে? তার আঁচ পেতে আরেকটু পেছনে ফিরতে হয় যে। ’৭০ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে তুমুল ওলটপালট। বাঙালী কীভাবে ক্ষমতার মসনদে বসে! সেই থেকে শুরু টালবাহানা। বিপরীতে সক্ষোভ প্রতিবাদ। রাজপথ উত্তাল। জান্তার বুলেটে রক্তলাল। বাঙালী তবু কাফন মাথাতেই রাস্তায়। মাঝ মার্চেই মোটামুটি নিশ্চিত, পাকিস্তানের সঙ্গে থাকবে না বাংলা। বাংলাদেশের মানচিত্র আলাদা। নতুন পতাকায় পতপত তা উড়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রমনার রেসকোর্সে ৭ মার্চ ঘোষণা দিয়েই দিয়েছেন-- এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

পশ্চিমা সামরিক জান্তা কালক্ষেপণ করে। অধিবেশন দিচ্ছি দেবো করে সময় নেয়। ২৫ মার্চ সেই প্রতিশ্র“তির সর্বশেষটি। এই ফাঁকে বন্দরে ভিড়ে অস্ত্র বোঝাই জাহাজ। বাঙালীর ঘামের টাকায় কেনা সঙ্গিন তাদেরই রক্তে স্নাত হবে বলে খালাস হয়। সেনা গ্যারিসনগুলো ভরে ওঠে। “অপারেশন সার্চ লাইট”-এর প্রস্তুতি সারা হয়ে যায়। সব কিছু দেখে, খুশি মনে ইয়াহিয়া খান সেরাতেই বিমানে ওঠেন করাচির পথে।

খানিকটা আঁচ ছিল। তাই সন্ধ্যা থেকেই ঢাকার রাজপথে ব্যারিকেড। বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচরদের আগেই পাঠিয়ে দিয়েছেন দূরান্তরে। দশটার খানিকবাদে ট্যাংক নামল ক্যান্টনমেন্টের রাস্তায়। সঙ্গে লরি ভরা হায়েনার দল। গণহত্যায় নামতে যাচ্ছে তারা।

সে রাতে একে একে আক্রান্ত হয়েছে দেশের রাজনীতির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো। শিক্ষকদের কোয়ার্টার। রাজারবাগ পুলিশ লাইন, ইস্ট পাকিস্তান রাইফেলসের (এখনকার বিডিআর) আবাস পিলখানা। পুরানো ঢাকার যত হিন্দু পাড়া গোলায় বিধ্বস্ত হয়েছে। সঙ্গে ছিল মেশিনগানের ত্রাস। তাতেও কেউ টিকে গেলে ছিল বেয়নেটের খোঁচা। সেই দফা বাঁচলে? অবাঙালী বিহারী ও পাকিস্তানীদের পা-চাটা দোসররা রেহাই দেয়নি। কালান্তক যম হয়ে তারাও ছিল আশপাশ।

এক রাতে মরে শেষ ৫০ হাজার নিরস্ত্র বাঙালী। কেউবা ঘুমের ঘোরে। কেউ হয়ত বা ভয়ানক দুঃস্মৃতি সঙ্গী করে। হাজার হাজার নারী বন্দী হলো আগামী ক’টা মাস চরম নিপিড়িত হতে। জীবদ্দশায় নরকবাসের স্বাদ পেতে।

৩৬ বছর কেটে গেছে। সেই স্মৃতিতে এখন শ্যাওলা পড়েছে প্রায়। আসলে কি তাই! এখনও কি গুমরে কাঁদে না ঢাকার রাজপথ। বাতাসে কি প্রেত হয়ে দীর্ঘশ্বাস ফেলে না খুনের বিচার না পাওয়া লাখো অতৃপ্ত আত্মা! অনেকেই বলেন অতীতচারিতায় মন না দিতে। যারা বলেন, তারা কি কারণে বলেন! কীভাবে বলেন!! এই অতীত অস্বীকার করলে মিথ্যা হয়ে যায় আমাদের বর্তমান। ওই অতীত অস্বীকার করে যে ভবিষ্যতের বিনির্মাণ-- সে আমার বাংলাদেশ নয়।