২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের পোল্ট্রি খামারে ৫ হাজার মুরগির মৃত্যু: বার্ড ফ্লু আতঙ্ক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার পূর্বপাড়ে একটি পোল্ট্রি খামারে পাঁচ হাজার মুরগি মারা গেছে। এ ঘটনায় জেলায় বার্ড ফ্লু আতংক দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 08:26 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সোনাকান্দায় ওই পোল্ট্রি খামারে গত কয়দিনে অন্তত পাঁচ হাজার মুরগি মারা গেছে। অবশ্য জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের সংশ্লিষ্ট পোল্ট্রি ফার্ম পরিদর্শন করে বলেছেন, এটি বার্ড ফ্লু নাকি ফাউল কলেরা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষা করার জন্য মৃত মুরগি ঢাকা ও সাভারের দুটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

বন্দর উপজেলা প্রশাসন শনিবার সকাল থেকে সংশ্লিষ্ট পোল্ট্রি খামারের সামনের রাস্তায় লোক চলাচল বন্ধ করে দিয়েছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, তিন বছর আগে কালন মিয়া সোনাকান্দা পোল্ট্রি ফার্মটি গড়ে তোলেন। ফার্মে ১০ হাজার মুরগি ছিল।

ফার্মের কর্মচারী রজ্জব জানান, গত সোমবার থেকে মুরগি মারা যাওয়া শুরু হয়। গত শুক্রবার ও শনিবার তা ভয়াবহ আকার ধারণ করে। গত ছয় দিনে সেখানে পাঁচ হাজার মুরগি মারা গেছে। সোনাকান্দা পোল্ট্রি ফার্ম মুরগি বাচ্চাগুলি সংগ্রহ করেছিল সাভারের ফিনিক্স পোল্ট্রি ফার্ম থেকে।

রজ্জব সাংবাদিকদের আরও জানিয়েছেন, মারা যাওয়ার ২/৩ ঘণ্টা আগে থেকেই মুরগিগুলো খাবার গ্রহণ বন্ধ করে দেয়। এক পর্যায়ে মাটিতে মাথা ঠুকতে থাকে। ৫ থেকে ৭ মিনিট মাথা কাঁপার পর মুরগিগুলো মারা যায়।

তিনি জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনশ মুরগি মারা গেছে। মৃত মুরগি ফার্মের পেছনে মাটিতে পুঁতে  ফেলা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হোসেন জানান, শনিবার সকাল থেকেই সোনাকান্দা পোল্ট্রি ফার্মে কোনো মুরগি প্রবেশ অথবা বের করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের জানান, পরীক্ষার জন্য মৃত মুরগি সাভারে সিডিআইএল এবং ঢাকার বি এল এসআরআই এর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে এটি বার্ড ফ্লু নাকি ফাউল কলেরা।

অসুস্থ মুরগিগুলোকে প্রথমে যে চিকিৎসা দেওয়া হয়েছিল তা সঠিক হয়নি বলে মনে করছেন সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি ফাউল কলেরা।

এদিকে আক্রান্ত মুরগি খামার থেকে জেলার অন্য খামারগুলোতে বাচ্চা নেওয়া হয়েছে কি না তা অনুসন্ধানের জন্য জেলা পশু সম্পদ কর্মকর্তা অফিস ১১টি টিম করেছে। এগুরো বিভিন্ন খামারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে।