ক্ষতিগ্রস্ত খামারীদের মুরগির দাম দেবে সরকার
বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত খামারীদের ক্ষতিপুরণ দেওয়া শুরু করেছে সরকার। প্রাথমিক ভাবে শুধু মুরগীর দাম দেওয়া হলেও পরে মুলধন ও ব্যাংক ঋণের বিষয়ে কিছু করা যায় কিনা তা বিবেচনা করে দেখবে সরকার।
শনিবার সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের দেড়ঘন্টা ব্যাপী এক বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান।
তিনি জানান, বার্ড ফ্লু এখনও মহামারী আকার ধারণ করেনি। এ পর্যন্ত কেবল সাভার ও গাজীপুরের কিছু খামারে এই রোগের উপস্থিতি পাওয়া গেছে। দেশের অন্য কোনো অঞ্চলে এই রোগের অস্তিত্ব পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা সরকারকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ফাহিম মুনয়েম আরও জানান, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে একটি পর্যবেক্ষণ সেল খোলা হয়েছে।
প্রেস সচিব বলেন, “বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়া দেশ ও বিদেশ থেকে তেমন বড় কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “বিষয়টি যে পর্যায়ে রয়েছে তাতে বাইরের তেমন কোন সহযোগিতার প্রয়োজন নেই। এর চেয়ে বেশি হলে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন সহযোগীদের সহায়তা চাওয়া হবে।”
বার্ড ফ্লুর বিস্তার ঠেকাতে শুক্রবার সাভার ও গাজীপুরের পাঁচটি বেসরকারী খামারের কয়েক হাজার মুরগী নিধন করা হয়েছে।
বৈঠকের অন্যান্য সিদ্ধান্তের বিয়য়ে ফাহিম মুনয়েম আরও বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত একটি আর্ন্তজাতিক সনদ স্বাক্ষরের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আগামী পাঁচ/ ছয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
এছাড়া ওই বৈঠকে “কনভেনশন অন প্রটেকশন অব ডাইভার্সিটি অব কালচারাল এক্সপ্রেশন” স্বাক্ষর করার ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বৈঠকে পরিবার পরিকল্পনা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান।
