চুয়াডাঙ্গার জীবননগরে সব কয়টি ক্লিনিক সিলগালা
চুয়াডাঙ্গার জীবননগর শহরের সবগুলো ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. এএনএম বজলুর রহমানের নেতৃত্বাধীন স্বাস্থ্য বিভাগের একটি দল ক্লিনিকগুলোতে ন্যুনতম নিয়ম মানা হচ্ছে না দেখে বৃহস্পতিবার এই ব্যবস্থা নেয়।
সিলগালা করে দেওয়া ক্লিনিকগুলো হচ্ছে শাপলা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, তানজিনা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, মহিমা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, জনসেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, আদর্শ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এবং জনতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম।
জেলার সিভিল সার্জন ডা.এ এন এম বজলুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নুপুর ও ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল বৃহস্পতিবার দিনভর জীবননগর শহরের ক্লিনিকগুলোতে অভিযান চালায়।
স্বাস্থ্য বিভাগীয় দলের প্রধান সিভিল সার্জন জানান, ক্লিনিকগুলোতে ন্যুনতম নিয়ম--নীতি মানা হচ্ছে না। তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা শহর এবং অন্যান্য উপজেলা ও বাজারগুলোতে গড়ে ওঠা ক্লিনিকগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।
