২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

বুধবার গভীর রাতে গ্রেপ্তার হওয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করে এক মাসের আটকাদেশের প্রস্তাবসহ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বিকেল পৌনে চারটায় মহানগর হাকিম শফিক আনোয়ার খন্দকার মোশাররফের  জামিনের আবেদন নামঞ্জুর করেন।

খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়,  বিএনপি--জামায়াত জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী হিসেবে তিনি জননিরাপত্তা বিঘœ করেছেন, জনগণের সম্পদ লুটপাট করেছেন। দেশের অর্থনীতির ক্ষতিসাধন করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। 

আটকাদেশের যৌক্তিকতা তুলে ধরে আরও বলা হয়, এখনও দেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তিনি কাজ করছেন। দেশের প্রচলিত আইনে তাকে ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে জরুরি অধ্যাদেশের ১৬(২) ধারায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে।

এসময় আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও আইনজীবীদের বেশ ভিড় দেখা যায়।

বুধবার রাতভর চালানো অভিযানে যৌথবাহিনী সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বেসরকারী টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিম, জামায়াতের সাংসদ ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ তাহের এবং দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে গ্রেপ্তার করে।