যৌন কেলেঙ্কারিতে লাইবেরিয়া থেকে ফিরে আসতে হলো পাঁচ শান্তিরক্ষীকে
যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে কর্মরত পাঁচ বাংলাদেশি সেনা সদস্যকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ১ মার্চ দেশে ফিরিয়ে আনা ওই পাঁচ জনের কোর্ট মার্শালে বিচার প্রক্রিয়া চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
অভিযুক্তরা হলেন সিপাহী মোস্তাফিজ, সিপাহী আমিনুল, সার্জেন্ট লিটু, ওয়ারেন্ট অফিসার কাশেম এবং আরও একজন সেনা সদস্য। এরা প্রত্যেকেই ‘ইউনাইটেড নেশনস ইন লাইবেরিয়া’ মিশনের অধীনে লাইবেরিয়ার সাকালপিয়া ক্যাম্পে শান্তিরক্ষী হিসেবে কর্মরত ছিল।
সূত্র জানায়, ওই পাঁচ সেনা সদস্য টাকার বিনিময়ে স্থানীয় মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক করে এবং তার ছবি তুলে রাখে। পরবর্তিতে ওই ছবি স্থানীয় একটি স্টুডিওতে ২৫ ডলারের বিনিময়ে প্রিন্ট করার চুক্তিও হয়। তবে এক পর্যায়ে স্টুডিওর কর্মকর্তারা এ বাবদে ৬০০ ডলার দাবি করে বসলে তারা ছবি প্রিন্ট না করেই ব্যারাকে ফিরে আসে। পরে স্টুডিওর কর্মকর্তারা ঘটনাটি ফাঁস করে দেয়।
জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি সেনাদের এমন কেলেঙ্কারি অবশ্য এটাই প্রথম নয়। গত বছর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ইউনাইটেড নেশনস মিশন ইন সুদানে কর্মরত ৪ বাংলাদেশী সেনা সদস্যকে যৌন নিপীড়নের অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়েছিল। ২০০৫ সালে সংঘটিত এই ঘটনার শিকার দক্ষিণ সুদানের অপ্রাপ্তবয়স্ক ২০ শিশুর সরেজমিন সাক্ষাৎকারের ভিত্তিতে ৩ জানুয়ারি ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ তথ্য স্বীকার করেন জাতিসংঘের মুখপাত্র মিশেল মঁতাস। সুদান সরকার এ ঘটনাটিকে চরম বিব্রতকর বলে মন্তব্য করেছিল। ওই ঘটনায় আরো ১৩ বাংলাদেশী সেনারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সাম্প্রতিককালে শান্তিরক্ষা মিশনগুলোতে যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত বছরের এপ্রিলে শান্তিরক্ষীদের জন্য নতুন আচরণবিধি প্রণয়ন করা হয়। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন স্পর্শকাতর এলাকাকে ‘নো জোনস’ হিসেবেও ঘোষণা করা হয়।
বিশ্বজুড়ে বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সুখ্যাতি ও অকুণ্ঠ প্রশংসা অর্জন করায় বর্তমানে জাতিসংঘ মিশনে বাংলাদেশের সেনাসংখ্যাই সবচেয়ে বেশি। ইউনাইটেড নেশনস ইন লাইবেরিয়া মিশনে বাংলাদেশ যুক্ত হয়েছে ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে।
এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে সেনাসদরের মুখপাত্র আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আনিসুর রহমান অবশ্য বলেন তিনি এ ব্যাপারে কোনো কিছু জানেন না।
