২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর আয় -- ব্যয়ের হিসাব দেওয়ার বিধান আসছে

রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে দলগুলোর আয় -- ব্যয়ের হিসাব দেওয়ার নিয়ম চালু করা হচ্ছে। নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) সংস্কার করে এই বিধান বাস্তবায়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আইন সংস্কারের পর রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা হচ্ছে কী না, কমিশন তা খতিয়ে দেখবে। এ জন্য দলগুলোর বার্ষিক অডিট রিপোর্ট এবং গঠনতন্ত্র অনুযায়ী বার্ষিক বা দ্বিবার্ষিক সভার কার্যবিবরণীও কমিশনকে জমা দিতে হবে। এ সব শর্ত পূরণ করার পরেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলো নিবন্ধন করতে পারবে।

প্রসঙ্গত, গণপ্রতিনিধত্ব আদেশ, ১৯৭২ এ রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়। এ কারণে এ বিষয়ে বড় দলগুলো কখনোই আগ্রহ দেখায়নি। ২০০১ সালে কমিশন নিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ নিলেও বড় দলগুলোর চাপে এ প্রচেষ্টা সফল হয়নি। তবে ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনের আগে নাম সর্বস্ব প্রায় ৫০ টি দল নিবন্ধন করেছিল।

হুমায়ুন কবির বলেন, “কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা প্রয়োজন। তাই আইন সংস্কার করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইন সংস্কারের পর দলগুলোকে নির্বাচনে অংশ নিতে হলে নিবন্ধন করতে হবে। আর নিবন্ধন করার জন্য তাদের পূরণ করতে হবে ন্যূনতম ওই সব শর্ত।”

এক প্রশ্নের জবাবে সচিব জানান, পুরনো ও নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য পৃথক পৃথক শর্ত আরোপ করার বিষয়টিও কমিশন খতিয়ে দেখছে।

আইন সংস্কারের খসড়া তৈরির পর মতামতের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে -- এ কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, এরপর কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তা আইনে পরিণত করবে।

কমিশন কবে নাগাদ নির্বাচন করার কথা ভাবছে এ প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমরা এখন আইন সংস্কারের ওপরেই কাজ করছি। এরপর ছবিসহ ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র তৈরি -- ইত্যাদির বিষয় আছে। এ সব কাজ শেষ করার পরেই নির্বাচনের সময়সীমা বলা সম্ভব।” উল্লেখ্য, বিএনপি জুলাই এবং আওয়ামী লীগ জুন মাসে নির্বাচন দাবি করেছে।

কমিশনের কর্মকর্তারা এর আগেই জানিয়েছেন, তাদের সংস্কার আইনে ঋণ, কর, ও বিলখেলাপীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, প্রার্থীদের সর্ব্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ইত্যাদির কথা বলা হয়েছে।