প্রবাসী কল্যাণ সচিব ওএসডি, বিভিন্ন পদে রদবদল
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া ১১ জন যুগ্ম-সচিবকে বদলি ও আটজন ওএসডি উপসচিবকে পদায়ন করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে চারজনকে ওএসডি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করে।
যুগ্ম সচিবদের মধ্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম কুদ্দুসকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হোসেন মিয়াকে শিল্প মন্ত্রণালয়ে, ইউএনডিপির জাতীয় পরামর্শক আবুল কালাম আজাদকে সংস্থাপন মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ে বদলীর আদেশাধীন মোহসেনা ফেরদৌসীকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবদুল মোনাফ পাটোয়ারীকে ভূমি মন্ত্রণালয়ে, রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক ইসমাইল হোসেনকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক হোসাইন জামিলকে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের (ডব্লিউটিও সেল) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
ওএসডি হওয়া যুগ্ম সচিবরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর রফিকুল মোহামেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এম আব্দুজ জাহের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এসএম হারুনার রশিদ এবং ভূমি মন্ত্রণালয়ের আবদুর রউফ চৌধুরী।
পদায়ন পাওয়া উপ-সচিবদের মধ্যে কামাল রেজাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (বাণিজ্যিক), এসএম জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে চট্টগ্রাম এর উপ-ভুমি সংস্কার কমিশনার, সৈয়দ আহমেদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক (প্রশাসন), গুলনার নাজমুন নাহারকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব, মো. নুরুজ্জামানকে শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক, এসএম শিবলী নজিরকে বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইনস্টিটিউশন স্ট্রেংদেনিং প্রজেক্ট-এর প্রকল্প পরিচালক, এটিএম ফায়জুল করিমকে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও হাফিজুর রহমান খানকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (তার) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
