নেত্রকোনা দুদকে হিসাব দিতে এসে বাবরের চাচাত ভাই টিটু আটক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেত্রকোনা শাখায় সম্পত্তির হিসাব দিতে গিয়ে বৃহস্পতিবার যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই নেত্রকোনার চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।
নেত্রকোনায় দুদকের সমন পাওয়া ১৩ জনের মধ্যে ছয়জন তাদের সম্পদের হিসাব দাখিল করতে এসেছিলেন এদিন। কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘন্টা সময়সীমার মধ্যে এ নিয়ে ১২ জন তাদের সম্পদের হিসাব দাখিল করলেন।
দুদকের সহকারি পরিচালক নুরুজ্জামান খান জানিয়েছেন কেবল মদন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হারেছ তার সম্পদের হিসাব দাখিল করেননি।
এক সময়ের ছাত্রদল নেতা টিটুর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডসহ জলমহাল ও সরকারি জমি দখল, থানায় তদবির এবং পুলিশ, বিডিআর ও ফায়ার সার্ভিসে লোক নিয়োগ ও বদলির ক্ষেত্রে তদবিরের মাধ্যমে বিপুল অর্থ-সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে দুদকের সময়সীমার শেষ দিনে বৃহস্পতিবার নেত্রকোনা অফিসে সম্পত্তির হিসাব দাখিল করেন সাবেক সাংসদ হাজি আবু আব্বাছ ও মোহাম্মদ আলী এবং মোহাম্মদ আলীর স্ত্রী রাবেয়া আলী। এছাড়া কারাবন্দী এলডিপি নেতা সাবেক সাংসদ এমএ করিম আব্বাসী কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পত্তির হিসাব দাখিল করেন এবং গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আনোয়ার জাহান অঞ্জনের পক্ষে সম্পদের বিবরণী জমা দেন তার স্ত্রী রোজী আনোয়ার।
