টঙ্গীতে নকল সার কারখানার সন্ধান, একজন গ্রেপ্তার
টঙ্গীর একটি নকল সার কারখানা থেকে প্রায় ১০ টন নকল দস্তা সার (জিঙ্ক সালফেট) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
ক্যাপ্টেন সাজিদের নেতৃত্বে র্যাব - ২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গীর পাগার এলাকায় ওই কারখানার সন্ধান পায়। ওই এলাকার একটি বাড়িতে চমক হোসিয়ারি নামে একটি মোজা তৈরির কারখানার আড়ালে নকল সার তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় নকল জিংক সালফেট তৈরি ও প্যাকেট করার উপকরণও উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারখানাটির অন্যতম মালিক আব্দুস সালাম ও তার মামা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। তবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে নজরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়।
