হাওয়া ভবন তল্লাশির মাধ্যমে তারেকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার তদন্ত শুরু
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এক কোটি টাকা চাঁদাবাজি মামলার তদন্তের শুরুতে হাওয়া ভবনে তল্লশি করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় হাওয়া ভবনের একটি খসড়া নকশা তৈরীর মাধ্যমে তদন্তের কাজ শুরু করেন।
ওবায়দুল হক নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা দুপুরের পর মামলা তদন্তের আনুষ্ঠানিকতার জন্য হাওয়া ভবনে গিয়েছিলাম। ভবনের নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলেছি।”
তদন্তের প্রাথমিক কাজ হিসেবে হাওয়া ভবনের বিভিন্ন কক্ষ এবং আশেপাশের বিভিন্ন ভবনের একটি স্কেচ অংকন করা হয়েছে বলেও ওবায়দুল হক জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মাহবুব মোর্শেদ নফহবংি২৪.পড়স কে জানান, চাঁদাবাজি মামলা তদন্তের কাজ শুরু হয়েছে। রুটিন ওয়ার্ক হিসেবে শুক্রবার হাওয়া ভবনের খসড়া নকশা তৈরী করা হয়েছে।
দ্রুত বিচার আইনে সাত দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার বাধ্যবাধকতার ব্যাপারে তিনি বলেন, “নিদিষ্ট সময়ের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হবে।”
এর আগে এক কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগে বৃহস্পতিবার একজন ঠিকাদারের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তারেক রহমানকে চার দিনের রিমান্ডে নেয় গুলশান থানা পুলিশ।
গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা এবং কাফরুল থানায় অপর একটি জিডি করা হয়। আহম্মেদ আমিন ভূঁইয়া নামে একজন ঠিকাদার এক কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগ এনে তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ওই মামলাটি দায়ের করেন।
চাঁদাবাজি মামলার বাদি এজাহারে বলেছেন, তারেক রহমান গত ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারী করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। এ বাবদ তারেক তার কাছে এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে তিনি এক কোটি টাকা দিতে রাজী হন।
ঘটনার পর তিনি তর বন্ধু ক্যাপ্টেন (অব.) সবুরের সঙ্গে এক কোটি টাকার একটি ব্যাংক চেক নিয়ে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক চেক নিতে অস্বীকৃতি জানিয়ে নগদ টাকা দাবি করেন। পরে বাদির ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগি অপুর কাছে দিয়ে অসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।
মামলার বাদি আহম্মেদ আমিন ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক। এখানে তারেকের ঘনিষ্ঠ বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের চ্যানেল ওয়ানের কার্যালয়।
