ঝালকাঠী পৌর চেয়ারম্যান আটক, অস্ত্র উদ্ধার
ঝালকাঠী পৌরসভার চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি আ. হালিম গাজীকে তার কার্যালয় থেকে শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তার বাড়ি তল্লাশি করে অস্ত্র ও ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে যৌথবাহিনীর সদস্যরা পৌরসভা থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে ঝালকাঠী জেলা শিল্পকলা একাডেমীর অস্থায়ী সেনাক্যাম্পে নিয়ে যায়।
এর প্রায় ১৫/২০ মিনিট পর তাকে নিয়ে তার আড়ৎদ্বারপাড়া সড়কের বাসভবনে অভিযান শুরু হয়।
প্রায় দুঘণ্টা ধরে চলা এই অভিযানে নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা, একটি লাইসেন্সবিহীন বন্দুক, একটি বিদেশি পিস্তল, চারটি পাসপোর্ট, ত্রাণের ২৪৫ পিস কাপড়, কয়েকটি চেকবই, এক জোড়া সেনাবাহিনীর বুট ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনীর এক কর্মকর্তা।
হালিম গাজীকে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে যৌথবাহিনী।
