২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা খুলনায় যাচ্ছেন

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ধর্মযুদ্ধের বিষয়টি স্মরণ করিয়ে দিতে সারা দেশ সফরের অংশ হিসেবে এক সংক্ষিপ্ত সফরে রোববার খুলনা আসছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। খুলনা বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠকে মিলিত হওয়ার কথা আছে তার।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এই সফরকালে তার দৃষ্টি আকর্ষণের জন্য শনিবার সুশীল সমাজের পক্ষ থেকে অনেকগুলো দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হচ্ছে মংলা বন্দর সচল রাখতে ড্রেজিংয়ের ব্যবস্থা, গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পাইপ লাইন স্থাপন, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, পাট শিল্পের উন্নয়ন, নিউজপ্রিন্ট মিল চালু, আবু নাসের হাসপাতালের নির্মাণ কাজ গ্র“ত সম্পন্ন, ওয়াসা স্থাপন ও আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপন।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ ৭টি নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। অন্য সংগঠনগুলো হলো নাগরিক ফোরাম, খুলনা নাগরিক কমিটি, সুজন,  জনউদ্যোগ, সচেতন নাগরিক কমিটি ও রূপায়ন।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব-১ মোহাম্মদ এহছানুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, রোববার সকাল সাড়ে ৯ টায় ফখরুদ্দীন আহমেদ ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করবেন এবং তাকে নিয়ে হেলিকপ্টারটি ১০টা ১০ মিনিটে খুলনার সার্কিট হাউজ মাঠে এসে নামবে।

বিভাগীয় সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তার বৈঠকটি শুরু হবে সকাল সাড়ে দশটায়। আর বেলা সোয়া দুইটায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দুটি বৈঠকই হবে খুলনা সার্কিট হাউসে।

শনিবার নাগরিক সংগঠনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমম্বয় কমিটির নেতা ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান, শেখ আব্দুল কাইয়ুম, এ্যাডভোকেট এনায়েত আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, এ্যাডভোকেট সৈয়দা সাবিহা, কমিশনার রুমা খাতুন, আলহাজ্ব লোকমান হাকিম, নিজাম-উর-রহমান লালু প্রমুখ।

এর আগে শনিবার সকালে খুলনা মহিলা সমিতি মিলনায়তনে জনউদ্যোগের পক্ষ থেকে তাদের দাবিগুলো সম্পর্কে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এ্যাডভোকেট কুদরত -ই-খুদার সভাপতিত্বে এ সভায় বক্তৃতা করেন মহেন্দ্রনাথ সেন, আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন, খালিদ হোসেন, মাহফুজুর রহমান মুকুল, কবি রুহুল আমি সিদ্দিকী প্রমুখ।

এছাড়া ময়ুর নদী বাঁচাতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে শনিবার খুলনা প্রেস ক্লাবে অন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ময়ূর নদী বাঁচাও নাগরিক ফোরাম। সম্মেলনে ময়ূর নদী দূষণ রোধে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে ১২ দফা সুপারিশ উত্থাপন করা হয়।