২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

সরকারি উদ্যোগে চারটি অঞ্চলে গড়ে তোলা অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু করায় ২০০১ সালের তুলনায় চলতি বছর দেশে ইলিশের উৎপাদন প্রায় ৮০ হাজার মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে ইলিশের উৎপাদন দুই লাখ ৭০ হাজার মেট্রিক টন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মৎস্য ও পশু সম্পদ এবং কৃষি বিষয়ক উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম (সিএস করিম) শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৭’ উপলক্ষে মৎস্য অধিদপ্তর মৎস্য ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। শনিবার থেকে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পক্ষ থেকে ১৬ মার্চ পর্যন্ত নেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

উপদেষ্টা সিএস করিম জানান, বর্তমানে সারা বিশ্বে ইলিশের মোট উৎপাদন প্রায় সাড়ে তিন থেকে চার লাখ মেট্রিক টন। এর ৫০ থেকে ৬০ শতাংশেরও বেশি ইলিশ উৎপাদন হয় শুধুমাত্র বাংলাদেশেই।

বাংলাদেশে আহরিত ইলিশের ৯০ থেকে ৯৫ শতাংশই আগে অভ্যন্তরীণ নদ-নদী ও এর মোহনা থেকে ধরা পড়তো। কিন্তু পানিতে কীটনাশকের প্রভাব ও শিল্প-কারখানার বর্জ্য ফেলে নদ-নদীর পানি দুষণের কারণে এবং অবাধে জাটকা ইলিশ ধরায় এখন এসব অঞ্চলে আর ইলিশ পাওয়া যাচ্ছে না। ফলে আমাদের দেশে আগের মতো ইলিশ ধরা পড়ছে না। এ কারণে দেশের চারটি এলাকাকে ইলিশের প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে এতে অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।

অভয়াশ্রমগুলো হচ্ছে--- মেঘনা নদীর নিু অববাহিকায় চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার, ভোলার চরইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখার ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তমপুর পর্যন্ত তেতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এবং পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা।

এসব এলাকায় ইলিশের প্রজনন মৌসুম সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাস ইলিশসহ সকল প্রকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

উপদেষ্টা জানান, ইলিশের জাটকা নিধন রোধে ওই দুই মাস জেলেদের বিকল্প কর্মসংস্থান অথবা বিভিন্ন ভাবে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২০০৫-০৬ অর্থবছরের ওইসব এলাকার জেলেদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় তিন কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএস করিম জানান, নদীর গতিপথ পরিবর্তন এবং বিভিন্ন নদ-নদীতে পানি কমে যাওয়ায় সেখানে ইলিশের বিচরণ বন্ধ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ওইসব নদীকে আবারো ইলিশ বিচরণযোগ্য করে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সকালে এক শোভাযাত্রার মধ্য দিয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মৎস্য ভবন থেকে শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। উপদেষ্টা সিএস করিম ছাড়াও শোভাযাত্রায় মৎস্য ও পশুসম্পদ সচিব সৈয়দ আতাউর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নজরুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ এবং মৎস্য ব্যবসায়ী প্রতিনিধিগণসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।