বান্দরবানে আগুনে ১৮ দোকান ও বসত বাড়ি পুড়ে ছাই, নিহত ১
বান্দরবান শহরের হাসপাতাল এলাকায় রোববার ভোরে আগুনে ১৮টি দোকান ও বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় মারা গেছেন আহম্মদ হোসেন (৪৫) নামে এক রিক্সা চালক।
দমকল বাহিনী ও পুলিশ সূত্র জানায়, ভোররাতে শহরের হাসপাতাল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি চা দোকানে আগুন ধরে যায়। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন আয়ত্ত্বে আনে।
স্থানীয়রা জানান, আগুনে বাড়িতে ঘুমিয়ে থাকা আহম্মদ হোসেন (৪৫) পুড়ে মারা যান। তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও দমকল বাহিনী এর সত্যতা স্বীকার করেছে।
আগুনে হোটেল, ফার্নিচার দোকানসহ ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৭টি বসত ঘর পুড়ে গেছে।
দমকল বাহিনী জানায়, আগুন নেভানোর সময় মোঃ ছাবের হোসেন নামে তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
