ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করছে সিটি গ্র“প ও ডিএসই
অবকাঠামো, জ্বালানি, ওষুধ শিল্প এবং বস্ত্র খাতে বিনিয়োগ করার জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারিদের উৎসাহিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সিটি গ্র“প দুই দিনের একটি আন্তর্জাতিক বিনিয়োগকারিদের সম্মেলন আয়োজন করবে।
রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রাকৃতিক দুর্যোগের চিত্রকে সরিয়ে বিদেশীদের কাছে বাংলাদেশের একটি উজ্জল ভাবমূর্তি তুলে ধরাও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হবে।
রোববার ডিএসই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন সিটিগ্র“পের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ। ডিএসই সভাপতি আব্দুল্লাহ বোখারি, সহ-সভাপতি আহমাদ রশিদ লালি এবং প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খানও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
‘বাংলাদেশ--দ্য নিউ ইনভেস্টমেন্ট ফ্রন্টিয়ার’ শীর্ষক এই সম্মেলনটি ৫ ও ৬ মে ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে হংকং, লন্ডন, নিউ ইয়র্ক এবং মধ্যপ্রাচ্যের ৭৫টি প্রতিষ্ঠানের বিনিয়োগকারিদের প্রথমবারের মতো বাংলাদেশে একত্রিত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মামুন রশিদ বলেন, “আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরতে চাই। বিদেশী বিনিয়োগকারিদের কাছে দেশের সঠিক ভাবমূর্তির প্রসার ঘটানোই আমাদের উদ্দেশ্য।”
ঢাকার শেয়ার বাজারে ১৯৯৬ সালের বিপর্যয়ের আগে পর্যন্ত অনেক বিদেশী কোম্পানির বিনিয়োগ ছিল। কিন্তু এরপর বিদেশী প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজার থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করে। ২০০৩-০৪ অর্থবছর থেকে অবশ্য এ অবস্থা পাল্টাতে শুরু করেছে। বর্তমানে মেরিল লিঞ্চ, লেমন ব্রাদার্সের মতো কিছু বড় উদ্যোক্তা ডিএসইর ব্যবসায় অংশ নিচ্ছে।
চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডিএসইতে বিদেশী প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা।
বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যন্ডে একই ধরনের সম্মেলনের কথা উল্লেখ করে রশিদ বলেন, “বিশ্বের চলমান উন্নয়ন কর্মকাণ্ড থেকে আমরা নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি না। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিদেশী বিনিয়োগকারিরা সন্তুষ্ট। এখন আমরা আমাদের মূলধনী বাজারের সম্ভাবনা তুলে ধরবো।”
আয়োজকরা জানান ইকুইটি ফান্ড, প্রাথমিক শেয়ার ছাড়া এবং ঋণ লেনদেনে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।
সিটিগ্র“পের বাংলাদেশ কর্পোরেট ব্যাংক শাখার প্রধান আবির এ আনোয়ার জানান, এশিয়া--প্যাসিফিক অঞ্চলের উদ্যোক্তাদের হাতে টাকার অভাব নেই, তারা বিনিয়োগের উপযুক্ত জায়গা খুঁজছে।
সামগ্রিক অর্থনীতির তুলনায় শেয়ার বাজারের আকার ক্ষুদ্র উল্লেখ করে সালাহউদ্দীন আহমেদ খান বলেন, “আমাদের অর্থনীতিকে চাঙা করতে জ্বালানি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ প্রয়োজন।”
বর্তমানে ডিএসইর বাজার মূলধনের পরিমান ২০০৫--০৬ অর্থবছরের জিডিপির নয় শতাংশ।
অবকাঠামমোগত উন্নয়ন কর্মসূচি পরিচালনা করতে অর্থের উৎস হিসেবে বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে ঋণ চাওয়ার বিকল্প হিসেবে শেয়ার বাজার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডিএসইর প্রধান নির্বাহী। এব্যাপারে দীর্ঘ মেয়াদী বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বলে তিনি জানান।
