দুবাইয়ে নাক কাটা গেল বিমানের
দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজের সামনের ‘নোজ এরিয়া’য় যান্ত্রিক ত্র“টি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করা হয়। অবশ্য সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, উড়োজাহাজটির সামনের চাকা (নোজ হুইল) ভেঙে গেছে। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হননি।
দুর্ঘটনার কারণে আট ঘণ্টা বন্ধ ছিল দুবাই বিমানবন্দর।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে দুর্ঘটনা কবলিত বিমানটিতে চালক ও ক্রুসহ মোট ২৩৬ জন আরোহী ছিলেন।
বিমানের উপ--মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোহাম্মদ মোশাররফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় বিজি -- ০০৬ ফ্লাইটটি দুবাই বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার সময় এর ফ্লাইট ক্যাপ্টেন উড়োজাহাজের সামনের ‘নোজ এরিয়া’ থেকে শব্দ পাওয়ার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়। এতে উড়োজাহাজের কিছু ক্ষতি হয়। ফ্লাইটের সব যাত্রী ও ক্রু নিরাপদে হোটেলে ফিরে গেছেন। বিকল্প ফ্লাইটে তারা ঢাকা ফিরবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২১৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটির সোমবার বেলা পৌনে ১ টার দিকে ঢাকা আসার কথা ছিল। এরই মধ্যে বিমান কর্তৃপক্ষ এয়ারবাস কোম্পানির উড়োজাহাজটির বীমাকারী প্রতিষ্ঠান লন্ডনের মেসার্স এ ও এন এবং সিঙ্গাপুরের মেসার্স সি টি সিকে বিষয়টি জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চিফ অব ফ্লাইট সেফটির নেতৃত্বে একটি দল সোমবার রাতেই দুবাই রওনা হচ্ছেন। ১৯৯৬ সালে এয়ারবাসটি বিমানের উড়োজাহাজ বহরে যোগ দেয়।
এদিকে বিমানের একটি সূত্র জানায়, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির সামনের চাকা (নোজ হুইল) ভেঙে পড়ায় এটি বেশকিছু দিনের জন্য বিকল হয়ে পড়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ২১৮ জন যাত্রী।
জাতীয় পতাকাবাহী বিমান পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করছে।
