২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ বছরে ১৪টি বিমান দুর্ঘটনায় নিহত ৫৩

দেশে বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে গত ৩৫ বছরে মোট ১৪ টি বড় ধরনের দুর্ঘটনায় এ পর্যন্ত মারা গেছে ৫৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সর্বশেষ সোমবার সকালে বিমানের একটি এয়ারবাস উড়োজাহাজ দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ায় আট ঘন্টার জন্য ওই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। অবশ্য এ ঘটনায় চালক ও ক্রুসহ মোট ২৩৬ জন যাত্রীর কেউ হতাহত হননি। তবে উড়োজাহাজটির ‘নোজ হুইল’ ক্ষতিগ্রস্ত হওয়ায় এয়ারবাসটি বিকল হয়ে পড়ে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানের একটি এফ-- ২৭ উড়োজাহাজ দুর্ঘটনায় ৫০ জন আরোহীর সবাই ঘটনাস্থলে মারা যান। বেসরকারি পারাবত এয়ারলাইন্সের দুটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ১৯৯৮ সালে দুজন ও ২০০২ সালে মারা যান একজনসহ মোট তিনজন পাইলট। অন্য দুর্ঘটনাগুলোতে কোনো প্রাণহানি ঘটেনি। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বেসামরিক যাত্রীবাহী বিমান চলাচল শুরু হওয়ার পর প্রথম দুর্ঘটনাটি ঘটে ১৯৭৫ সালে।

১৯৭৫ সালে ফ্লাইট ক্যাপ্টেন রফি তেজগাঁও বিমানবন্দরের কাছে চাকা না খুলেই একটি এফ -- ২৭ বেলি ল্যান্ডিং করান। এতে ফ্লাইটটির যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এরপরের বছর ১৯৭৬ সালে ফ্লাইট ক্যাপ্টেন সাহাব আরেকটি এফ -- ২৭ ক্র্যাশ ল্যান্ডিং করালে সম্পূর্ণ বিধ্বস্ত হয় বিমানটি।

১৯৮৪ সালে ঝড়ো আবহাওয়ার কারণে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরের পশ্চিম অংশে ফ্লাইট ক্যাপ্টেন রোকসানা একটি এফ -- ২৭ ক্র্যাশ ল্যান্ডিং করলে ঘটনাস্থলেই বিমানটির পাইলট, কো পাইলট, কেবিন ক্রু ও যাত্রীসহ মর্মান্তিক মৃত্যু হয় ৫০ আরোহীর।

১৯৮৯ সালে বিমানের একটি এফ -- ২৮ রাজশাহীতে ধান ক্ষেতের ভেতর জরুরি অবতরণ করে। এতে বিমানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

১৯৯৬ সালে ফ্লাইট ক্যাপ্টেন আজিজুল্লাহ বিমানের ডিসি -- ১০ উড়োজাহাজের চাকা না খুলেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বেলি ল্যান্ডিং করান। ফলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

১৯৯৭ সালের জুন মাসে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের বাইরে একটি এটিপি উড়োজাহাজ ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। 

একই বছর ২২ ডিসেম্বর ফ্লাইট ক্যাপ্টেন মান্নান সিলেট বিমানবন্দরে একটি এফ -- ২৮ ক্র্যাশ ল্যান্ডিং করান। বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও এর মোট ৮৯ যাত্রীর সবাই প্রাণে বেঁচে যান।

১৯৯৮ সালের ২৮ জুন পারাবত এয়ারলাইন্সের একটি এল -- ৪০১ উড়োজাহাজের ফ্লাইট ক্যাপ্টেন আহসান সাভারের পাটক্ষেতে জরুরি অবতরণ করালে বিমানটি বিধ্বস্ত হয়।

ওই বছরই ২৮ আগস্ট জিয়া বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি এয়ারবাস এ -- ৩০০ উড্ডয়নের ঠিক আগে যান্ত্রিক ত্র“টির কবলে পড়ে। ফ্লাইটটির পাইলট ‘ইমার্জেন্সি ব্রেক’ করায় উড়োজাহাজটির দুপাশের সব কয়েকটি চাকায় আগুন ধরে যায় এবং এটি ক্ষতিগ্রস্ত হয়।

একই বছর ২৭ সেপ্টেম্বর ঢাকার পোস্তগোলায় পারাবতের দুই আসনের একটি প্রশিক্ষণ উড়োজাহাজ (সেসনা -- ১৫০ এল) যান্ত্রিক ত্র“টির কারণে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নিহত হন এর পাইলট ফারিয়া লারা ও কো পাইলট রফিকুল।

২০০২ সালের জুলাইয়ে পারবতের আরেকটি প্রশিক্ষণ সেসনা ঝড় বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরার একটি খোলা মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করে। এর একমাত্র আরোহী ফ্লাইট ক্যাপ্টেন মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান।

২০০৪ সালের ৮ অক্টোবর সিলেট বিমানবন্দরে বিমানের এফ ২৮ উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকা সিলেট রুটের বিজি -- ৬০১ ফ্লাইটটির মোট ৭৯ জন যাত্রীর মধ্যে পাইলট, কো পাইলট ও কয়েকজন ভিআইপিসহ ৬২ জন যাত্রী কমবেশী  আহত হন।

২০০৫ সালের ১ জুলাই বিমানের দুবাই ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঝড়ো আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। ডিসি -- ১০ উড়োজাহাজটি ছিটকে প্রায় দুই হাজার ফুট রানওয়ের বাইরে চলে যায়। চারজন যাত্রী সামান্য আহত হলেও ২০০ জন যাত্রীর সবাই প্রাণে রক্ষা পান।