ধর্ষণের দায়ে মাদ্রাসা ছাত্রের যাবজ্জীবন
ধর্ষণের দায়ে বাকেরগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্র মো. মাসুম বিল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেলায়েত হোসেন সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, বাকেরগঞ্জের রুনসী গ্রামের এক তরুণীকে (১৯) ২০০২ সালের ১৫ ডিসেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের মাসুম বিল্লাহ ধর্ষণ করে।
এ ঘটনার পর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুম তাকে বিয়ে করতে অসম্মতি জানায়। বিষয়টি সালিশ মীমাংসায় সুরাহা না হওয়ায় ২০০৩ সালের ২৫ জুলাই বাকেরগঞ্জ থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই আবদুর রহমান ওই বছরের ৩১ আগস্ট আসামী মাসুমের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
আটজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধর্ষণের বিষয়টি প্রমাণ হওয়ায় আসামী মাসুমকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি মহসীন মন্টু এবং আসামী পক্ষে অ্যাডভোকেট এনায়েত পীর খান মামলাটি পরিচালনা করেন।
