চট্টগ্রামে আটক দুই আইনজীবীর জামিনের আবেদন ফের নাকচ
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমূল চৌধুরী এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের জামিনের আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত।
সোমবার মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেনের আদালতে এই দুই আইনজীবীর জামিনের জন্য দ্বিতীয় বারের মতো আবেদন জানানো হলে আদালত তা নাকচ করে দেন। তারা দুজনই গ্রেপ্তারকৃত সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর আইনজীবী।
এই দুই আইনজীবী নেতাসহ শতাধিক আইনজীবী গত বৃহস্পতিবার সিটি মেয়রের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে এবং শ্লোগান দেয়। এ ঘটনায় ওই দুই আইনজীবী নেতাকে কয়েক দফায় সেনা ক্যাম্পে তলব করা হয় এবং পরে শনিবার তাদের আটক করা হয়।
আটকের পর কোতোয়ালি থানায় সোপর্দ করা হলে পুলিশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার সাইমূলকে এবং সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের বিরুদ্ধে জরুরি আইনভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে।
শনিবার বিকালে মহানগর হাকিম মনোয়ারুল ইসলামের আদালতে তাদের হাজির করা হলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।
দ্বিতীয় দফায় এই দুই আইনজীবী নেতার জন্য জামিনের আবেদন জানান সমিতির বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুসসহ প্রায় শতাধিক আইনজীবী।
