তিন বিলিয়ন বিনিয়োগ নিয়ে সরকারের মনোভাব জানতে চায় টাটা
বিদ্যুৎ, সার এবং কয়লা খাতে টাটা বাংলাদেশে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়। মঙ্গলবার সকালে বাংলাদেশে টাটার প্রধান নির্বাহী মানজার হুসেইন যোগাযোগ উপদেষ্টা এম এম মতিনের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন।
সকাল ১০টা থেকে প্রায় এক ঘন্টা স্থায়ী এই সাক্ষাতে মানজার বিনিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য উপদেষ্টাকে অনুরোধ জানান।
বৈঠক শেষে মানজার হোসেন সাংবাদিকদের বলেন, “তিন বছর যাবৎ বিনিয়োগের প্রস্তাব দিয়ে যাচ্ছি। আজ বর্তমান সরকারের মনোভাব জানতে এসেছি ।
তিনি বলেন, আমরা আরও অপেক্ষা করতে রাজি আছি। তবে কতদিন তারা অপেক্ষা করবেন তা বলেননি তিনি।
গত জোট সরকারের সময়ে টাটা বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু বিভিন্ন মহলের চাপের কারণে এবং বিভিন্ন বিবেচনাতে জোট সরকার ওই চুক্তি চূড়ান্ত করতে পারেনি।
