আড়াই হাজারে টেক্সটাইল কারখানায় ডাকাতি, আহত ৬
আড়াই হাজার উপজেলার প্রভাকরদী এলাকায় মঙ্গলবার ভোররাতে বিছানার চাদর উৎপাদনকারী প্রতিষ্ঠান এ এইচ ফেব্রিক্স এন্ড সাইজিং মিলস্ লিমিটেডে ডাকাতি হয়েছে।
ডাকাতরা প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। তাদের হামলায় আহত হয়েছেন ছয় জন।
পুলিশ জানায়, ভোররাত ৩টায় ২০/২৫ জনের সশস্ত্র ডাকাতদল কারখানায় ঢুকে সাতজন নৈশ প্রহরী ও ২৩ কর্মচারীর হাত--পা বেঁধে ফেলে। এরপর তারা কারখানার মেশিনপত্র, খুচরা যন্ত্রাংশ এবং উৎপাদিত বিছানার চাদর কভার্ডভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বিএনপি নেতা আবদুল করীম কুসুমের মালিকানাধীন এই কারখানায় ১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, ডাকাতরা উইভিং সেকশনের ৪৫ টি আরআরও, তিনটি তামার রড, ২০টি প্রজেক্টরসহ বিভিন্ যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ চাদর নিয়ে গেছে।
লুট হওয়া সামগ্রীর দাম প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ডাকাতদের অস্ত্রের আঘাতে কারখানার কর্মচারী নুর ইসলাম (৪০), সুমন (৩০), প্রণয় (২৫), সাত্তার (৬৫), রনি (২৮), শফিক (২২) আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করীম জানান, ডাকাতির ঘটনায় জিজ্ঞাবাদের জন্য কারখানার ১০ জন কর্মচারী ও নৈশপ্রহরীকে আটক করা হয়েছে। তবে মঙ্গলবার বেলা ৪টা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
