২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে আটকে থাকা বিমানের যাত্রীরা ঢাকায়

দুবাইয়ে দুর্ঘটনা কবলিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১৮ যাত্রী  ঢাকায় পৌঁছে যার যার গন্তব্যে রওয়ানা হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার বেলা সাড়ে তিনটা এবং পৌনে চারটায় আলাদা দুইটি ফ্লাইটে তাদেরকে দুবাই থেকে ঢাকায় আনা হয়।

বিমানের কর্মকর্তা আরিফুজ্জামান জানান, আটকে পড়া ১৯০ জন যাত্রীসহ মোট ২০৯ জন যাত্রী নিয়ে ঢাকা-জেদ্দা ০৩৬ ফ্লাইটটি ৩ টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। এসময় বিমানের কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

এদের মধ্যে লন্ডন থেকে আসা ১৯০ জন যাত্রীর মাত্র তিন জন ঢাকায় নেমেছেন। বাকী ১৮৭ জন যাত্রী ২ টি ভিন্ন ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে লন্ডন থেকে আগত বিজি--০১৪ ফ্লাইটে বিকাল ৫ টায় কয়েকজন যাত্রী সিলেটে রওয়ানা দিয়েছে। বাকী যাত্রীরা বিলম্বিত বিজি--৬০৫ ফ্লাইটে সিলেট যাবে। ফ্লাইটটি বিকেল ৪ টা ১০ মিনিটে নির্ধারিত ছিল।

ঢাকায় একজন যাত্রী bdnews24.com কে জানান, “আমরা সিটবেল্ট বেঁধে বিমান ছাড়ার অপেক্ষা করছিলাম। প্লেনটি চলা শুরু করলো এবং একটু পরই বড় ধরনের ঝাঁকি অনুভব করলাম এবং কেবিনের বাতি নিভে গেল, চিৎকার চেচামেচি শুরু হলো।”

তিনি বলেন, “ক্যাপ্টেন আমাদের শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন। তবে ধোঁয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে পেছনের যাত্রীরা আতঙ্কিত হয়ে অন্ধকারেই বের হওয়ার জন্য হুড়াহুড়ি শুরু করে। এক মহিলা অজ্ঞান হয়ে যায় কিন্তু তাকে সাহায্য করার কেউ ছিল না।”

পশ্চিম লন্ডনের অধিবাসী মো. মোশাররফ হোসেন জানান, “বিস্ফোরণের শব্দ শোনার সময় আমি ২৩ এ আসনে বসে ছিলাম। যাত্রীরা পাগলের মতো দরজার দিকে যাচ্ছিল কিন্তু দ্রুত ঝুঝতে পারে দরজাটি বন্ধ এবং সেটা ভেতর থেকে খোলা যাবে না। বিমানের পেছন দিক থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয় তবে দুবাই বিমান বন্দর কর্তৃপক্ষ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।”

সোমবার বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে দুবাই বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ০০৬ ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হলে সেখানে ২১৮ যাত্রী আটকা পড়েন।

সোমবার মধ্যরাতেই আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার কথা দিয়েছিল বিমান।

দুর্ঘটনার পর বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজের সামনের ‘নোজ এরিয়া’য় যান্ত্রিক ত্র“টি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

দুর্ঘটনার কারণে আট ঘণ্টা বন্ধ ছিল দুবাই বিমানবন্দর।

বিমানের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরই মধ্যে বিমান কর্তৃপক্ষ এয়ারবাস কোম্পানির উড়োজাহাজটির বীমাকারী প্রতিষ্ঠান লন্ডনের মেসার্স এ ও এন এবং সিঙ্গাপুরের মেসার্স সি টি সিকে বিষয়টি জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। ১৯৯৬ সালে এয়ারবাসটি বিমানের উড়োজাহাজ বহরে যোগ দেয়।