২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘ক্রসফায়ারে’ চরমপন্থি নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামে সোমবার রাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের এক বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা রবিউল ইসলাম (৩৮) ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 12:38 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

নিহত রবিউল ওই উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের ভাদু মন্ডলের ছেলে।

মিরপুর থানা পুলিশ দাবি করছে, সোমবার রাত সাড়ে আটটায় তারা বরবরিয়া গ্রামের একটি বাড়ি থেকে চরমপন্থি সংগঠন পুর্ববাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল-নিউ লালযোদ্ধা) আঞ্চলিক নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। রাতে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে পুলিশকে তার ‘অস্ত্রভান্ডারের’ তথ্য দেয়। পুলিশ রাতেই তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। রাত আড়াইটায় পুলিশ সদরপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামের বিলপাড়া মাঠের কাছে পৌঁছালে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় রবিউল পালানোর চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ পড়ে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও দাবি করেছে।

বন্দুকযুদ্ধে পুলিশ কমপক্ষে ১৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে থানা পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, নিহত রবিউল চিহ্নিত সন্ত্রাসী। মিরপুরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে ।