২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছির, ফালুসহ ৭ জনের আটকাদেশ অবৈধ ঘোষণা

-সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ডা. আওলাদ হোসেনসহ সাত জনের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

অন্য কোন মামলা না থাকলে তাদের অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মীর নাছির উদ্দিনসহ আটকাদেশপ্রাপ্ত ৭ জনের পক্ষে দায়ের করা পৃথক পৃথক আবেদনের ওপর পুর্নাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় প্রদান করে।

আটকাদেশ অবৈধ ঘোষিত হওয়া বাকিরা হচ্ছেন চট্টগ্রাম বিএনপি নেতা গোলাম মোহাম্মদ দস্তগীর, হবিগঞ্জ পৌর চেয়ারম্যান জি কে গাউস, সিবিএ নেতা নুরুল্লা বাহার ও শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী মাহমুদ হাসান বাবুল।

মীর নাছিরউদ্দিনকে গত ৩ ফেব্র“য়ারি, মোসাদ্দেক আলী ফালুকে ৪ ফেব্র“য়ারি, ড. আওলাদ হোসেন ও মাহমুদ হাসান বাবুলকে গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। এদের গত ৫ ফেব্র“য়ারি আটকাদেশ দেওয়া হয়।

মীর নাছিরের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, মোসাদ্দেক আলীর পক্ষে ব্যারিস্টার রফিক উল হক এবং ড. আওলাদ ও বাবুলের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।