২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে এখনও চলছে ড্রাম চিমনি ইটভাটা

রাজশাহীতে পরিবেশ অধিদপ্তরের নিষেধ সত্ত্বেও শতাধিক ড্রাম চিমনি ইটভাটা চালু রয়েছে। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তর ও যৌথবাহিনী অভিযান চালিয়ে ইতোমধ্যে রাজশাহী মহানগর ও পুঠিয়া উপজেলার বেশ কয়েকটি ড্রাম চিমনি ভাটা বন্ধ করে দিয়েছে। অন্যান্য মালিকদের ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় যৌথ বাহিনীর সহায়তায় ভাটা বন্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে বলেও তিনি জানান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 08:09 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পরিবেশ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার মদিনা, মেঘনা, সোনার বাংলা ও এন কে এন ব্রিকসসহ প্রায় ১০টি ইটভাটা যৌথবাহিনী বন্ধ করে দিয়েছে। তবে বন্ধের নির্দেশ সত্ত্বেও জেলা ও মহানগরী এলাকায় প্রায় একশ ইটভাটা এখনও চালু আছে।

স্থানীয় প্রশাসনের নির্দেশ ছাড়া এসব ভাটা কিভাবে চলছে তা জানতে চাইলে রাজশাহীর জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, আইন অমান্যকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ইটভাটা মালিকদের কোনো ফায়ার লাইসেন্স দেওয়া হয় না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

তবে কাস্টমস কমিশনার সুলতান মোহাম্মদ ইকবাল বলেছেন, জেলা প্রশাসক অফিস থেকে বৈধতা যাচাই করেই ফায়ারিং অনুমোদন দেওয়া হচ্ছে। তাই ভাটা মালিকদের কাছ থেকে ভ্যাট নেওয়া হচ্ছে।

পুঠিয়ার শিবপুরের মেসার্স নির্মাণ ব্রিকস এর মালিক নজরুল ইসলাম লিটন জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশের পর তার ভাটা বন্ধ করে দিয়েছেন তিনি। ইটভাটার বিপরীতে তার কাছ থেকে কাষ্টমস অফিস ৪১ হাজার ২৫০ টাকা আয়কর নিয়েছে। অথচ ব্যবসার মাঝামাঝি সময় ভাটা বন্ধ  করে দিতে হয়েছে। এতে তার আট লাখ টাকারও বেশি লোকসান হয়েছে।

লিটন আরও জানান, কাস্টমস কর্তৃপক্ষ ভ্যাট নিয়ে এগুলো চালানোর বৈধতা দিচ্ছে। অন্যদিকে নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিতে পারছে না। এ অবস্থায় ভাটা মালিকরা পড়েছেন বেকায়দায়।

মদিনা ব্রিকসের মালিক রফিকুল ইসলাম সেলিম জানান, দীর্ঘদিন ধরে এভাবে আয়কর দিয়েই চলছে ড্রাম চিমনি ইটভাটা। একদিকে কাস্টমস ভ্যাট নিচ্ছে, অন্যদিকে অবৈধ হিসেবে যৌথবাহিনী ভেঙ্গে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভাটা মালিকরা।