জয়পুরহাটে অনুমোদনহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান
জয়পুরহাটে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পরিচালিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মঙ্গলবার অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বেলা ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযানে সাতটি সেন্টার বন্ধ এবং প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এসএম মাহবুব আলম। টাস্কফোর্সে ছিলেন সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস খান, গাইনি সার্জন মমতাজ হোসেন এবং সার্জন জাািকরুল আলম।
কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারেই পরিবেশ অধিদপ্তরের সনদ পায়নি টাস্কফোর্স। অভিযানের সময় শহরের পদ্মা ক্লিনিক, রওশন ক্লিনিক, সাদমান ক্লিনিক, ডক্টরস ক্লিনিক, নিউ ডক্টরস ক্লিনিক, বন্ধন ক্লিনিক এবং শতদল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া রওশন ক্লিনিককে এক লাখ টাকা, ইমু ডায়াগনস্টিক সেন্টারকে ৭৬ হাজার ২৫০ টাকা, ইমু জেনারেল হাসপাতালকে ৭৫ হাজার টাকা, সাদমান ক্লিনিককে ২ লাখ টাকা, নিউ ডক্টরস ক্লিনিককে দেড় লাখ টাকা, বন্ধন ক্লিনিককে আড়াই লাখ টাকা, শতদল ডেন্টাল ক্লিনিককে এক হাজার ২৫০ টাকা, প্রফুল্ল ডেন্টাল ক্লিনিককে এক লাখ টাকা, মডার্ন ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা এবং ফেয়ার হেলথ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
