দুর্নীতিবাজরা রেহাই পাবে না: পাবনায় সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কেউ রেহাই পাবে না।
মঙ্গলবার দুপুরে পাবনা সার্কিট হাউসে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আরো বলেন, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের সময় ভাল মানুষ যেন হয়রানির শিকার না হয় সে দিকে সবার খেয়াল রাখতে হবে।
সৎ ও ভাল ব্যবসায়ীদের চিন্তার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, একসঙ্গে সবাই কাজ করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের জিওসি, পাবনার জেলা প্রশাসক গোলাম মাওলা, পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী, সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।
লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ পরে মহেন্দ্রপুরে সেনাক্যাম্প পরিদর্শন করেন।
