ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে রাজশাহী বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জন বিএনপি ও জিয়া পরিষদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
টিন উদ্ধারের ২০ দিন পর বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানা পুলিশের এসআই মানিক বাদী হয়ে এ মামলা করেন। মামলায় রাজপাড়া থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম স্বপন, সহসভাপতি নাজিম, মুক্তা ও জামিলসহ ৮ জনকে আসামী করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, ২২ ফেব্র“য়ারি সকালে রাজপাড়া থানা বিএনপির কার্যালয়ে ব্যবহার করা ত্রাণের টিন খুলে লুকানোর সময় পুলিশ ৪২ টি টিন উদ্ধার করে। পরে বিএনপি ও জিয়া পরিষদ অফিস থেকে আরও কিছু টিন উদ্ধার করা হয়। ত্রাণের টিন আত্মসাৎ করে দলীয় কার্যালয়ে ব্যবহার করার অপরাধে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া, একই অভিযোগে বুলনপুর জিয়া পরিষদের সভাপতি নাজিম উদ্দিন, বিএনপি নেতা মুর্তজা, মজিবুর রহমান, মুক্তাসহ ছয়জনকে আসামী করে আরও একটি মামলা করা হয়েছে।
আলমগীর হোসেন জানান, তদন্ত করে এই টিন আত্মসাতের সাথে জাড়িত অন্যদেরও আসামী করা হবে।
