শেরপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার পর স্বামীর আত্মহত্যা
দাম্পত্য কলহের জের ধরে শেরপুরে বৃস্পতিবার গভীর রাতে আনোয়ারা বেগমকে (৪০) গলাটিপে হত্যা করে স্বামী আব্দুল মোতালেব (৪৫) ফাঁসিতে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিরছা গ্রামের আব্দুল মোতালেব ও আনোয়ারা বেগমের সন্তান না হওয়ায় তাদের পারিবারে অশান্তি দেখা দেয়।
এর জের ধরে বৃহস্পতিবার রাতে মোতালেব স্ত্রী আনোয়ারাকে গলাটিপে হত্যা করেন। এরপর তিনি নিজেই বাড়ির পাশের মসজিদ সংলগ্ন একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
শুক্রবার সকালে গ্রামবাসী সদর থানায় খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে জেল হাসপাতালের মর্গে পাঠায়।
আনোয়ারার গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সামসুজ্জোহা ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. গোলাম মোস্তফা মিয়া ঘটনাস্থলে পরিদর্শন করেন।
শেরপুর সদর থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
