২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্য ভুলের নমুনা!

সিলেট বিমানবন্দর এলাকায় প্রায় ৫০০ কোটি টাকার সৈয়দিয়া ওয়াকফ এস্টেটের সম্পত্তির ভূমি ২০০ জনের নামে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে রেকর্ড করে দিয়েছেন এক সেটেলমেন্ট কর্মকর্তা। ভূমি অফিসের জরিপে অনিয়ম ধরা পড়ায় ওই ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

অভিযুক্ত সেটেলমেন্ট কর্মকর্তা গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তার দাবি ‘সামান্য ভুলের’ কারণেই এমনটি ঘটেছে। তবে এলাকাবাসীর অভিযোগ মোটা অঙ্কের টাকার বিনিময়েই তিনি ওই ভূমি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে রেকর্ড করে দেন।

সিলেটের চৌকিদেখি ভূমি অফিস সূত্র জানায়, সিলেট বিমানবন্দর এলাকার ছালিয়া মৌজার ২৫ নম্বর খতিয়ানে ৪৩৭ একর এবং ১৯ নম্বর খতিয়ানে ১১০ একর ভূমি সৈয়দিয়া ওয়াকফ এস্টেটের সম্পত্তি হিসাবে ভূমি অফিসের রেকর্ডে উল্লেখ রয়েছে। দুইটি খতিয়ানের ৫৪৭ একর ভূমি জরিপের সময় সেটেলমেন্ট কর্মকর্তা গিয়াসউদ্দিন সেগুলো ২০০ জনের একটি ভূমি সিন্ডিকেটকে রেকর্ড করে দেন।

তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পর কালাগুল এলাকার হাশিম উদ্দিনসহ অনেকের  অভিযোগের পরিপ্রেক্ষিতে চৌকিদেখি ভূমি অফিসের মাধ্যমে একটি তদন্ত হয় এবং এতে ধরা পড়ে সেটেলমেন্ট কর্মকর্তার জালিয়াতি।

এ ব্যাপারে চৌকিদেখি ভূমি অফিসের তহশিলদার আবদুল কাদির জানান, “৫৪৭ একর জমি এস্টেটের সম্পত্তির ভূমি। এগুলো কখনো ব্যক্তিমালিকানায় রেকর্ড হতে পারে না। এ বিষয়টি ধরা পড়ায় গত জানুয়ারি মাসে ভূমি আইনের ৩০ ধারায় ২০০ জনের বিরুদ্বে সেটেলমেন্ট অফিসে মামলা হয়েছে।”

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ৫৪৭ একর ভূমির বর্তমান বাজারদর শতক প্রতি এক লক্ষ টাকা। এ হিসেবে ওই ভূমির (৫৪ হাজার ৭০০ শতক) দাম ৫৪৭ কোটি টাকা। সেটেলমেন্ট কর্মকর্তা গিয়াসউদ্দিন রেকর্ড করে দেওয়ার বিনিময়ে ২০০ জনের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

অবশ্য সেটেলমেন্ট কর্মকর্তা গিয়াসউদ্দিন রেকর্ড করে দেওয়ার ব্যাপারটি স্বীকার করে বলেন, “নিতান্তই ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। এ সম্পত্তি সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন, নফহবংি২৪.পড়সকে বলেন, সরকারি জায়গা উদ্ধারের জন্য  সহকারী কমিশনার ভূমি সিলেট সদর ৩০ ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, ওয়াকফ  পরিদর্শকের কার্যালয়, সিলেট এর পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সৈয়দিয়া এস্টেটের রেজিস্ট্রেশন নম্বর ১৩৪৪২। আমার জানামতে এই জায়গা কারো কাছে বিক্রি করা হয়নি।

এ ব্যাপারে সিলেট অঞ্চলের সেটেলমেন্ট জোনাল কর্মকর্তা আবদুর রউফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি। সম্প্রতি এ বিষয়ে জেনে অবাক হয়েছি। সরকারি জায়গা কখনো ব্যক্তিমালিকানায় দেওয়ার বিধান নেই। এর সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তি হবে।”

আব্দুর রউফ আরো বলেন, গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এর পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।