সার্ক কার র্যালি এখন ঢাকায়
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সার্ক কার র্যালি শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে রওনা হয়ে এখন ঢাকার পথে রয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই র্যালির উদ্বোধন করেন। মাসব্যাপী এই র্যালিতে অংশগ্রহণকারী সাতটি দেশের ১০৯ জন প্রতিনিধি বাংলাদেশের বিভিন্ন জেলার ১৩০০ কিলোমিটার ভ্রমণ শেষে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতে যাবে। র্যালিটি সাতটি দেশের আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৪ এপ্রিল মালদ্বীপের রাজধানীতে গিয়ে শেষ হবে। (আরও তথ্যসহ-- ৪)
চট্টগ্রাম থেকে প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে সার্ক কার র্যালিটি যাত্রা শুরু করে সন্ধ্যায়ই চট্টগ্রামে পৌঁছায়। র্যালিতে সার্ক দেশগুলোর অংশগ্রহণকারীরা হোটেল আগ্রাবাদে রাত কাটান। সকাল সাড়ে ৭টায় সাতটি দেশের ১০৯ জন অংশগ্রহণকারীকে নিয়ে গাড়ি বহরটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। পথে ফেনী ও চৌদ্দগ্রামে তাদের স্বাগত জানায় স্থানীয় প্রশাসন।
ফেনী প্রতিনিধি জানিয়েছেন, সকাল ৯টা ২০ মিনিটে ফেনী জেলার মুহুরীগঞ্জ এলাকায় র্যালিটি পৌঁছালে জেলা প্রশাসক মো. মাসুম খান স্বাগত জানান। জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
র্যালিটি মুহুরীগঞ্জ, ফাজিলপুর, লেমুয়া হয়ে ফেনী শহরের মহীপাল এলাকায় প্রবেশ করে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী পতাকা ও ফিতা নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
৯টা ৪০ মিনিটে সার্ক গাড়িবহরটি ফেনী বাইপাস অতিক্রম করে কুমিল্লার দিকে রওনা হয়। সেখানকার স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, র্যালিটি চৌদ্দগ্রামে পৌঁছানোর পর কুমিল্লা জেলা প্রশাসক মো. মহিবুল হোসেন তাদের স্বাগত জানান। সেখানকার বিটাওয়ার্ল্ড নামের একটি হাইওয়ে রেস্টুরেন্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, দুপুর ২টা ৩৮ মিনিটে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু অতিক্রম করে নারায়ণগঞ্জে প্রবেশ করেছে র্যালিটি। সড়কের মুগরাপাড়ায় ঢাকা বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আহসান হাবিব তাদের অভ্যর্থনা জানান। সোনারগাঁ উপজেলায় র্যালিটি এক ঘন্টা অবস্থান করবে বলে জানা গেছে। এসময় র্যালির অংশগ্রহণকারীদের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখার কথা রয়েছে।
সার্ক কার র্যালিটি আগামী ৩ ও ৪ এপ্রিল ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠেয় চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবে।
সার্কের সদস্য দেশগুলোর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ জোরদার এবং পর্যটন শিল্পের সম্ভাবনাকে তুলে ধরার জন্য এই প্রথম এ ধরনের শোভাযাত্রা বা র্যালির আয়োজন করা হলো।
