২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের দ্বিতীয় নোটিশ আসছে আগামী সপ্তাহে

আগামী সপ্তাহে সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ে নোটিশ জারি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সেইসঙ্গে দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত ও সেগুলো নিলামে বিক্রি করার ক্ষমতাও পাচ্ছে কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বুধবার দুপুরে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “কমিশনের আইন সংস্কার, জনবল কাঠামোসহ প্রয়োজনীয় বিধি--বিধান আগামী সপ্তাহেই পাওয়া যাবে। একইসঙ্গে সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সম্পত্তির হিসেব চেয়ে দ্বিতীয় পর্যায়ে নোটিশ জারি করবে কমিশন।”

কমিশনের তালিকায় এবার কতজন থাকবেনÑÑ সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “তালিকায় ৫০ বা ১০০  জনের নামও থাকতে পারে। তবে নির্দিষ্ট করে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।”

সূত্রটি জানান, প্রায় ১২’শ লোকবল নিয়ে কমিশনের নতুন জনবল কাঠামো তৈরি করা হচ্ছে। এদের মধ্যে মামলার তদন্ত কাজ পরিচালনার জন্য তিন শতাধিক তদন্ত কর্মকর্তাও (আইও) থাকবেন।  সাবেক দুর্নীতি দমন ব্যুরোর ৩০ থেকে ৪০ জন তদন্ত কর্মকর্তাকে পুনরায় কমিশনে বহাল করা হতে পারে।   

এদিকে কমিশনকে আরও কার্যকর করার জন্য সহযোগিতা দেওয়ার ব্যাপারে বুধবার বিকেলে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু। এর আগে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট ও উপ--রাষ্ট্রদূত রিচার্ড রজার্স তার সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎ শেষে উভয় প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, কমিশনকে আরও দক্ষ ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে তাদের আলোচনা  হয়েছে।

এডিবির প্রতিনিধি হুয়া দু সাংবাদিকদের বলেন,“কমিশনের শুরু থেকেই আমরা বিভিন্ন রকম সহযোগিতা দিয়ে আসছি। আগামীতে কী ধরনের সাহায্য করা হবে  সে ব্যাপারে ২০ মার্চ  কমিশনের সঙ্গে আমাদের আরেকটি প্রতিনিধি দলের  আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে ।”

তিনি বলেন, “কমিশনের বর্তমান কাজে আমরা খুবই খুশি।”

কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে আমি তাদের কাছে কমিশনকে আরও কার্যকর করতে সহযোগিতা চেয়েছি। তারা সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।”