২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গোরস্থানে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২

ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনাপাড়া গ্রামের গোরস্থানের ভেতর মঙ্গলবার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুইজন আহত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বিস্ফোরণের পর অজ্ঞাত সন্ত্রাসীরা আহতদের টেনে--হিঁচড়ে নিয়ে পালিয়ে যায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বোমাসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা পাড়া দাখিল মাদ্রাসা সংলগ্ন গোরস্থানের ভেতর থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে বিকট শব্দ হলে এলাকাবাসি ছুটে যান। তারা তখন দেখতে পান, ৮/১০ জন লোক তাদের সঙ্গে থাকা দুইজনকে টেনে নিয়ে যাচ্ছে। দুইজনের শরীর থেকে তখন রক্ত ঝরছিল এবং তাঁরা চিৎকার করছিল।

গোরস্থানের পাশের বাড়ির দিরাজ ও আজিজুল বলেন, “আমরা ভয়ে ওই লোকগুলোর কাছে যাইনি। তারা খুব দ্রুত পালিয়ে যায়। পরে রাতে সবাই মিলে গিয়ে দেখি রক্তে মাটি ভিজে গেছে। কয়েকটি রক্তমাখা লুঙ্গি, জুতা ও স্যান্ডেল পড়ে আছে।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে তিনটি বোমা, বিস্ফোরিত বোমার কোটা, জর্দ্দার কোটা, জালের কাঠি, পেরেক, পাথরের টুকরা ও বারুদ উদ্ধার করেছে।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, গোরস্থানের ভেতর বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে রক্ত দেখে ধারণা করা হচ্ছে ২/১ জন আহত হয়েছে। তবে আহতরা গ্রেপ্তার এড়াতে গোপন স্থানে আশ্রয় নিয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার পর থেকে এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।