২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক চতুর্থাংশ নারী সাংবাদিক চাই’

দেশের প্রতিটি সংবাদ মাধ্যমে এক চতুর্থাংশ নারী সাংবাদিক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 03:54 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় জাতীয় সম্মেলনে এ দাবির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে নারীদের কাজের পরিবেশ সৃষ্টিরও দাবি জানানো হয়।

সম্মেলনের উদ্বোধন করেন শিল্প, বস্ত্র ও পাট, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, ‘নারীদের সকল পেশায় অংশগ্রহণ, বিশেষ করে সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশায় আসতে দেখে মন ভরে ওঠে। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে, এই পেশায় মেয়েরা এখনও নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে নারীরা এগিয়ে যাবেন বলেই আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার নারী উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যেই নানা ধরনের উদ্যোগ নিয়েছে। জাতিসংঘ আয়োজিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ঘোষণায় স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং গণমাধ্যমে নারীদের ইতিবাচকভাবে তুলে ধরার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’

সম্মেলনে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের অবস্থান সুদৃঢ় ও সুসংহত করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির গ্রহণ করা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এর মধ্যে ছিল সাংবাদিকতা বিষয়ে ওয়ার্কশপ ও জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্কশপ। সাংবাদিকতায় নতুনদের উৎসাহিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি  সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন বক্তারা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম, দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, যামিনী পত্রিকার সম্পাদক লুভা নাহিদ চৌধুরী ও ক্যানভাস পত্রিকার সম্পাদক কানিজ আলমাস খান।