ডেমরার সালাহউদ্দিনকে সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ
জাল নিবন্ধনপত্র দিয়ে গাড়ি ব্যবহার এবং সম্পত্তি গোপন করার মামলায় ডেমরায় বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অবশ্য আদালতে তাকে হাজির না করায় রিমান্ড আবেদনের ওপর কোনো শুনানি হয়নি।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার এসআই আব্দুস সবুর খান এই রিমান্ড চান। ম্যাজিস্ট্রেট এবিএম আবুল ফাত্তাহ ১৯ মার্চ অভিযুক্তের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। উল্লেখ্য ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অভিযুক্তের সামনে রিমান্ড শুনানি করার নিয়ম আছে।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ ফেব্র“য়ারি সন্ধ্যায় সালাহউদ্দিনের কদমতলীর বাসা থেকে যৌথবাহিনী পাঁচটি দামি গাড়িসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করে। এর মধ্যে কলো রং এর লিংকন নেভিগেটর এবং রূপালি রং এর পাজেরো জিপের রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট (ঢাকা-১৬৩/অ) একই। যা জাল কাগজের মাধ্যমে তৈরি করা হয়েছে।
এসব তদন্তের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চলতি মাসের প্রথমদিকে পাঁচ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে আরো পাঁচটি নিয়মিত মামলা এবং একটি সাধারণ ডাইরির তদন্ত চলছে।
