২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সার্ক কার র‌্যালির

প্রথমবারের মতো ‘সার্ক কার র‌্যালি’ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার থেকে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সার্কের মনোগ্রাম খচিত বিশেষ একটি পতাকায় স্বাক্ষর প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। এর আগে সকাল প্রায় সাড়ে ১১টায় তিনি কক্সবাজার স্টেডিয়ামে পৌঁছালে সার্কভুক্ত আটটি দেশের পতাকা নিয়ে আটটি হাতি তাঁকে অভিবাদন জানায়। আগামী ১৪ এপ্রিল ৩১ দিনের এই শোভাযাত্রা শেষ হবে মালদ্বীপে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 08:27 AM

Updated : 26 Apr 2022, 02:08 PM

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ বলেন, দক্ষিণ এশিয়ার মানুষের মাঝে আরও বেশি হৃদ্যতা, আন্তরিকতা, সংহতি ও সম্প্রীতি জোরদার করতেই সার্ক নেতাদের উদ্যোগে এই গাড়ি শোভাযাত্রার আয়োজন। তিনি বলেন, এই গাড়ি শোভাযাত্রা সার্কের দেশগুলোর মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টির প্রয়াস আরও বাড়িয়ে দেবে। এতে বিকাশ ঘটবে সংস্কৃতির।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে আরও বলেন, “সার্ক দেশগুলোর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সৃষ্টি করা গেলে যোগাযোগ, অর্থনৈতিক ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

প্রধান উপদেষ্টা বাংলাদেশের পর্যটন খাতকে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করতে একটি জাতীয় পর্যটন নীতিমালা প্রণয়নের প্রয়োজনের কথাও তিনি তুলেন ধরেন।

সকালেই সার্ক গাড়ি শোভাযাত্রায় অংশগ্রহণকারী ৩০টি গাড়ি ও ৭টি দেশের ১১০ জন সেলিব্রিটি কক্সবাজার স্টেডিয়ামে সমবেত হয়। একে একে আসতে থাকেন আমন্ত্রণ পাওয়া দর্শণার্থীরাও। বেলা সাড়ে ১১টায় আসেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ। তাঁর সঙ্গে আসেন যোগাযোগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এম এ মতিন, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতিখার উদ্দিন আহমেদ, মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও স্বরাষ্ট্র সচিব আবদুল করিম।

প্রধান উপদেষ্টা আসন গ্রহণের পরপরই শুরু হয় বর্ণাঢ্য ডিসপ্লে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটির শিল্পীরা এতে অংশ নেন। বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

ডিসপ্লের পরপরই বক্তব্য রাখেন দুই উপদেষ্টা, দুই সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান।

প্রধান উপদেষ্টার বক্তব্য শেষে ভারতীয় টাটা কোম্পানির ২৮টি, বাংলাদেশ স্কাউটসের ১টি, স্থানীয় ১টি গাড়ি ও ১টি অ্যাম্বুলেন্স নিয়ে ৩১টি গাড়ির বহর উপস্থিত দর্শণার্থীদের হাত নাড়তে নাড়তে কক্সবাজার থেকে যাত্রা শুরু করে।

আয়োজক সূত্র মতে, কার শোভাযাত্রাটি কক্সবাজার থেকে বেরিয়ে রামু উপজেলার রামকূট মন্দির, ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে হারবাং এলাকার ইনানী রিসোর্টে দুপুরের খাবার খেয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।

এই শোভাযাত্রায় ১১০ জন অভিযাত্রী অংশ নিচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি রয়েছেন ছয়জন। এরা হলেন নাট্য ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, অভিনেতা টনি ডায়েস, তার স্ত্রী অভিনেত্রী প্রিয়া ডায়েস, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি এনামুল হক বাবুল এবং বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর প্রতিনিধি ফারুক সোবহান ও সাব্বির হোসেন।

এছাড়াও ভূটানের চারজন, ভারতের ১০ জন, মালদ্বীপের ছয়জন, নেপালের চারজন, পাকিস্তানের তিনজন ও শ্রীলংকার সাতজন সেলিব্রিটি ও গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন।

পর্যটনের চেয়ারম্যান মাহফুজুর রহমান ভূঁইয়া জানান, এই সার্ক কার র‌্যালি আগামী ১৪ এপ্রিল মালদ্বীপের রাজধানীতে গিয়ে শেষ হবে।

এদিকে সার্ক কার র‌্যালি উপলক্ষে কক্সবাজারের কয়েকটি সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। কক্সবাজারের বিভিন্ন সড়ক পুলিশ, আর্মড পুলিশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।